৬ষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদো, একাদশে আছেন কারা?
ছবি: সংগৃহীত
১০:৫৯ পিএম | ১৭ জুন, ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ আসরে খেলে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমে এই অনন্য কীর্তি গড়েন আর্জেন্টিনা অধিনায়ক। এবার সেই রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বুধবার (১৭ জুন) ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করছে পর্তুগাল। হিউস্টনে অনুষ্ঠিতব্য এই ম্যাচে রোনালদোকে একাদশে রেখেছেন দলটির কোচ রবার্তো মার্টিনেজ। ফলে ম্যাচে মাঠে নামলেই মেসির মতো ছয়টি বিশ্বকাপে খেলার বিরল কীর্তি স্পর্শ করবেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং এখন ২০২৬- টানা ছয়টি বিশ্বকাপের অংশ হতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের দিক থেকেও উজ্জ্বল রোনালদো। আগের পাঁচটি আসরের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব রয়েছে তার। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে একটি করে এবং ২০১৮ বিশ্বকাপে চার গোল করেন তিনি। সব মিলিয়ে ২২ ম্যাচে তার গোলসংখ্যা ৮।
তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে পর্তুগাল শিবির। দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার রুবেন দিয়াজ চোটের কারণে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলতে পারছেন না। বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলীয় ব্যবস্থাপনা।

দিয়াজের অনুপস্থিতি রক্ষণভাগে কিছুটা চাপ তৈরি করলেও মাঝমাঠ ও আক্রমণভাগে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে পর্তুগাল। রোনালদোর সঙ্গে আক্রমণে থাকছেন বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতো। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও জোয়াও নেভেস।
ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ:
দিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, টমাস আরাওহো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, ভিতিনহা, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতো, বার্নার্দো সিলভা ও ক্রিস্টিয়ানো রোনালদো।
এখন সবার নজর রোনালদোর দিকে। মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার রেকর্ড স্পর্শ করার পাশাপাশি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগও রয়েছে তার সামনে।
এসকে/টিকে