র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন শরিফুল-হৃদয়রা
ছবি: সংগৃহীত
১২:৫১ এএম | ১৮ জুন, ২০২৬
আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সুখবর মিলেছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
সিরিজের শেষ ম্যাচে ছয় উইকেট শিকার করা শরিফুল বোলারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে মোস্তাফিজুর ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম এবং তাসকিন ৫ ধাপ এগিয়ে ২৭তম স্থানে অবস্থান করছেন।
তিন ম্যাচের সিরিজে হৃদয় ১৫৪ রান করেছিলেন। যার মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৮৩। এর ফলে তিনি ৭ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে উঠে এসেছেন। আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজও এই তালিকায় উন্নতি করেছেন। ধর্মশালায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান করার পর তিনি ৬ ধাপ এগিয়ে ১৩তম স্থানে পৌঁছেছেন।

এদিকে ক্যারিবীয় অঞ্চলে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের সিরিজ শেষে আন্তর্জাতিক কুড়ি ওভারের র্যাঙ্কিংয়েও কিছু পরিবর্তন এসেছে। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ১১ উইকেট নিয়ে প্রধান ভূমিকা পালন করেন পেসার শামার জোসেফ। তিনি সিরিজসেরা নির্বাচিত হন।
এই পারফরম্যান্সের কারণে শামার জোসেফ ৪২ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারও দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ২৮তম স্থানে পৌঁছেছেন।
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে অষ্টম স্থানে এবং দুনিত ভেল্লালাগে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে অবস্থান করছেন।
একেএস/টিএ