ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দাপুটে জয় ইংল্যান্ডের
ছবি: সংগৃহীত
০৪:৩৪ এএম | ১৮ জুন, ২০২৬
হ্যারি কেইনের দুর্দান্ত পারফরম্যান্সে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। দুইবার সমতায় ফেরার পরও শেষ পর্যন্ত ইংলিশদের আক্রমণ সামলাতে পারেনি ক্রোয়াটরা। ফলে দাপুটে জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল ইংল্যান্ড।
স্থানীয় সময় বুধবার (১৭ জুন) রাতে ডালাসে ‘এল’ গ্রুপের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা।
ম্যাচের শুরুর দিকে লুকা মদ্রিচের ফাউলের কারণে পেনাল্টি পায় ইংলিশরা। ১১ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেয়ার সুযোগ পান কেইন। ১২ মিনিটে দ্বিতীয়বার পেনাল্টি শট আর ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে দুর্দান্ত এক শক্তিশালী শটে সমতায় ফেরান মার্তিন বাতুরিনা। তার জোরালো প্রচেষ্টায় ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলের নাগাল পেলেও রক্ষা করতে পারেননি। সমতায় ফিরলেও মাত্র ৪ মিনিটর পর আবারও এগিয়ে যায় ইংলান্ড। ডেকলান রাইসের কর্নার থেকে উড়ে এসে ক্রোয়েশিয়ার জাল খুঁজে নেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ড এগিয়ে যায় ২–১ গোলে। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও সমতায় ফিরে আসে ক্রোয়েশিয়া। সমতাসূচক গোলটি করেন পেতার মুসা।
দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পুনরুদ্ধার করেন জুড বেলিংহ্যাম। ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে গোল করেন জুড বেলিংহাম। বদলি নেমে শেষ দিকে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করেন এই ইংলিশ তারকা।
ইংল্যান্ডের জন্য এই জয় অনেক হিসাবের। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার প্রতিশোধও হয়ে গেল ‘থ্রি লায়ন্স’দের। এছাড়া এই জয়ের মধ্যদিয়ে এল গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেল ইংলিশরা।
এমআই/টিএ