© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরের রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা

শেয়ার করুন:
পরের রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২২ এএম | ১৯ জুন, ২০২৬
মিখাল সাদিলেকের প্রথমার্ধের গোলে জয়ের পথে ছিল চেক প্রজাতন্ত্র। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে তেবোহো মোকোয়েনার গোল দক্ষিণ আফ্রিকাকে হার থেকে বাঁচায়। ফলে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ টিকে রইল দুই দলেরই।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ডান প্রান্ত ধরে লম্বা থ্রো থেকে আক্রমণ গড়ে ওঠে, এরপর ডি-বক্সে দারুণ ওয়ান-টু পাসে বল পেয়ে নিচু শটে গোল করেন মিখাল সাদিলেক। এই গোলে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পায় চেকরা এবং বিরতিতে ১-০ ব্যবধান ধরে রাখে তারা।

তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। ম্যাচজুড়ে লড়াই চালিয়ে যাওয়ার ফল পায় তারা ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার জন্য সুযোগ এসেছিল বিরতির আগেই, তবে তারা তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে চেক প্রজাতন্ত্র শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে দ্রুত এগিয়ে যায় এবং সেই লিড ধরে রাখে দীর্ঘ সময়। শেষ পর্যন্ত অবশ্য জয় নয়, পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
 


আর এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এ’-এর সমীকরণ আরও জমে উঠেছে। দুই দলই বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে এসে তারা ১ পয়েন্ট করে পেয়েছে। তাই চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা এখনো টিকে আছে, তবে শেষ ম্যাচের ফলই নির্ধারণ করবে তাদের ভাগ্য। ৩ পয়েন্ট করে নিয়ে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

তাই পরের ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের ফলের ওপর নির্ভর করছে গ্রুপের সমীকরণ- সেই ম্যাচে কোনো দল জিতলে তারাই প্রথম নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে।

মন্তব্য করুন