© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঙ্গোর বিপক্ষে পর্তুগালের জয় ছিনিয়ে নেয়া হয়েছে: রোনালদোর বোন

শেয়ার করুন:
কঙ্গোর বিপক্ষে পর্তুগালের জয় ছিনিয়ে নেয়া হয়েছে: রোনালদোর বোন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ এএম | ১৯ জুন, ২০২৬
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের হতাশাজনক ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ তারকার পাশে দাঁড়িয়েছেন তার দুই বোন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা রোনালদোর সমালোচকদের জবাব দিয়েছেন এবং দলের ব্যর্থতার দায় শুধু তার ওপর চাপানোর বিরোধিতা করেছেন। প্রতিবেদন গোল ডটকমের। 

রোনালদোর বোন এলমা আভেইরো দাবি করেছেন, কঙ্গোর বিপক্ষে ম্যাচে পর্তুগালের ‘জয় ছিনিয়ে নেয়া হয়েছে’। ম্যাচটিতে রোনালদো মাত্র ২৫ বার বল স্পর্শ করেন, যা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পূর্ণ ম্যাচ খেলে তার ক্যারিয়ারের সর্বনিম্ন। একই সঙ্গে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ গোলশূন্য থাকার রেকর্ডও গড়েছেন তিনি।

ইনস্টাগ্রামে রোনালদোর একটি ছবি পোস্ট করে এলমা লিখেছেন, ‘শুরুর সময়টা কঠিন হয়, কিন্তু শেষটা ভালো হয়। মাঠে যারা থাকে, তারাই আসল চাপটা বোঝে। বাইরে থেকে কথা বলা সহজ। আর এভাবে জয় হাতছাড়া হওয়া মোটেও সহজ নয়।’

অন্যদিকে কাতিয়া আভেইরো দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েই প্রশ্ন তুলেছেন। তার মতে, ম্যাচের সময় পর্তুগালের খেলোয়াড়রা নিজেদের মধ্যে সমন্বয় হারিয়ে ফেলেছিল। তিনি লিখেছেন, ‘হঠাৎ করেই যেন সবাই একে অপরকে পাস দেওয়া, বল পুনরুদ্ধার করা কিংবা পাল্টা আক্রমণ গড়া ভুলে গিয়েছিল। খেলা মাঝমাঠ থেকে রক্ষণভাগেই সীমাবদ্ধ ছিল। অদ্ভুত এক বিশ্বকাপ। তবে আমরা এগিয়ে যাব। খারাপ শুরু মানেই খারাপ সমাপ্তি নয়।’



তবে রোনালদোর প্রতি এতটা সহানুভূতিশীল নন ফুটবল বিশ্লেষকেরা। সাবেক ফরাসি তারকা থিয়েরি হেনরি রোনালদোর পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছেন। ফক্স স্পোর্টসে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, গোল করার অতিরিক্ত তাড়নায় রোনালদো দলের আক্রমণভাগের স্বাভাবিক ছন্দ নষ্ট করছেন।

হেনরির ভাষায়, ‘সে যেকোনো মূল্যে গোল করতে চায় বলেই ব্রুনো ফের্নান্দেসের খেলায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। গোল করতে হবে দলকে, শুধু তোমাকে নয়।’

পরিসংখ্যানও রোনালদোর জন্য সুখকর নয়। বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে তার সর্বশেষ গোলটি এসেছিল ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচে। এরপর সেই বিশ্বকাপের বাকি ম্যাচগুলো এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপেও গোলের দেখা পাননি তিনি।

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা পর্তুগাল এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২৩ জুন উজবেকিস্তানের মুখোমুখি হবে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এই দুই ম্যাচই পর্তুগালের নকআউট পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এসকে/টিএ

মন্তব্য করুন