মেসিকে থামানোই লক্ষ্য, রোনালদো ভক্ত অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগার
ছবি: সংগৃহীত
০৭:৫৮ পিএম | ১৯ জুন, ২০২৬
বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি- লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? এই প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। তবে রোনালদোর ভক্ত হলেও আর্জেন্টাইন মহাতারকা মেসির প্রতি তার শ্রদ্ধার কমতি নেই।
আগামী সোমবার বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রিয়া। সেই ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শ্লাগার বলেন, ‘নীতিগতভাবে বলতে গেলে আমি ক্রিস্তিয়ানো রোনালদোর ভক্ত।’
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে দুর্দান্ত সূচনা করেছে অস্ট্রিয়া। প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শ্লাগার। তবে সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা লিওনেল মেসির আর্জেন্টিনা।

রোনালদোর প্রতি নিজের ভালোবাসার কথা জানালেও মেসির অসাধারণ কৃতিত্বের প্রশংসা করতে ভোলেননি অস্ট্রিয়ার এই গোলরক্ষক। তিনি বলেন, ‘মেসি এমন একজন ফুটবলার, যিনি বছরের পর বছর বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিজের মান ধরে রেখেছেন। তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’
মেসির প্রভাব সম্পর্কে শ্লাগারের মন্তব্য, ‘মাঠে তার উপস্থিতিই পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সে যখন খেলতে নামে, তখন দলের মধ্যে আলাদা এক শক্তি ও উদ্দীপনা দেখা যায়। এই ব্যাপারটি সত্যিই অসাধারণ।’
তবে প্রশংসার মাঝেও প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছেন শ্লাগার। তার ভাষায়, ‘মেসির বিপক্ষে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আমরা জানি কাজটা কঠিন হবে, কিন্তু আর্জেন্টিনা ও মেসিকে থামাতে মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেব।’
এমআর/টিকে