পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ
ছবি: সংগৃহীত
০১:৪৭ এএম | ২০ জুন, ২০২৬
শনিবার (২০ জুন) সকালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে তুরস্ক। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ম্যাচটি বড় পর্দায় দেখানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রদেশের গভর্নরদের নির্দেশ দিয়েছে, যেন বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে কোথাও লোকজনের খেলা দেখানোর জন্য বড় স্ক্রিন স্থাপনের অনুমতি না দেওয়া হয়। মন্ত্রণালয়ের মতে, এতে শব্দদূষণ ও যানজট কম থাকবে, যা শনি ও রোববার অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী-ওয়াইকেএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সহায়ক হবে।

এ পরীক্ষার মাধ্যমে দেশটির লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে থাকে। কর্তৃপক্ষের ধারণা, ম্যাচ ঘিরে জনসমাগম ও শব্দদূষণ পরীক্ষার্থীদের প্রস্তুতি ও যাতায়াতে বিঘ্ন ঘটাতে পারে।
এর আগে স্থানীয় প্রশাসন প্যারাগুয়ের বিপক্ষে তুরস্কের এই ম্যাচটি বিভিন্ন শহরে বড় পর্দায় প্রদর্শনের পরিকল্পনা করেছিল। তবে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সেই আয়োজন বাতিল করা হয়।
জনসংখ্যা প্রায় ৮ কোটি ৬০ লাখের দেশ তুরস্কে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর এবারই প্রথম তারা বিশ্বকাপের মূল পর্বে খেলছে। তবে গ্রুপ ‘ডি’তে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে শুরুটা ভালো হয়নি-প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছে দলটি। একই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্রও।
এর আগে ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে বড় পর্দায় দেখানো হয়েছিল। তখন পার্ক ও জনসমাগমস্থলে ব্যাপক দর্শক উপস্থিতি দেখা যায়। এমনকি দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটারেও বিপুল সমর্থক ম্যাচ উপভোগ করেন।
আরআই/টিএ