বিশ্বকাপে সবার আগে নক আউটে মেক্সিকো
ছবি: সংগৃহীত
০২:৪৮ এএম | ২০ জুন, ২০২৬
প্রথম দল হিসেবে নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। গুয়াদালহারায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ বত্রিশে জায়গা পাকা করেছে তারা।
ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫০তম মিনিটের সময় গোলরক্ষক কিম সুং গিউয়ের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান মিডফিল্ডার লুইস রোমো। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই জয়সূচক গোল করে স্মরণীয় করে রাখলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জেতার পর এদিন একাদশে তিনটি পরিবর্তন আনেন কোচ হাভিয়ের আগিরে।

সেই পরিবর্তনের অন্যতম ছিলেন রোমো, যিনি সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নেমেই দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়। প্রথমার্ধে দুই দলই তেমন কোনো ছন্দ খুঁজে পায়নি। তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। লি গি হিউকের সঙ্গে ধাক্কা লেগে গোলরক্ষক কিমের হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি লুফে নেন রোমো।
৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল মেক্সিকো। তবে রাউল হিমেনেজের দারুণ একটি শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন কিম। এর এক মিনিট পরই সমতায় ফেরার সুযোগ নষ্ট করে দক্ষিণ কোরিয়া। বদলি ইয়াং হিউন জুনের ক্রসে স্লাইড করেও বলে পা ছোঁয়াতে পারেননি ওহ হিউন গিউ। ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৮৭তম মিনিটে।
বদলি চো গিউ সুংয়ের হেড প্রথমে রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। ফিরতি বলে ইয়াংয়ের নেওয়া শটও গোললাইন থেকে অবিশ্বাস্য দক্ষতায় প্রতিহত করে দলকে জয় উপহার দেন তিনি।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকো। আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে অন্তত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। এই ম্যাচটিও তারা খেলবে ঘরের মাঠে। নিজেদের দর্শকের সামনে খেলতে পারার আবেগ ছুঁয়ে গেছে মেক্সিকোর কোচ হাভিয়ের আগিরের কণ্ঠে, ‘ঘরের মাঠে খেলার মতো আনন্দ আর কিছুতেই নেই। এটা অমূল্য। নিজেদের মাঠে খেলা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।’
গ্রুপ পর্বে শীর্ষে থাকার যে আশা তৈরি হয়েছে, সেটির সীমানা ছাড়িয়ে আগিরের দৃষ্টি আরো বিস্তৃত, ‘ছেলেদের আমি বোঝাতে চাই যে আমরা বিশ্বের সেরা ১০ দলের মধ্যে থাকতে পারি। এটা করতে পারলে আমাদের জন্য তা বিশেষ কিছু হবে।’ অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারলেও মেক্সিকোর শীর্ষে থাকার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফল তাদের অনুকূলে যাওয়া লাগবে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়ার নক আউটে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে। শেষ ম্যাচে জিতলে তারা পরের পর্বে যাওয়ার দৌড়ে থাকবে। এমনকি ড্র করলেও সমীকরণে টিকে থাকার সুযোগ থাকবে এশিয়ার প্রতিনিধিদের।
সূত্র: বিবিসি
আরআই/টিএ