‘পতুর্গালের প্লেয়াররা তো পাস করতেও ভুলে গিয়েছে’, বিস্ফোরক মন্তব্য রোনালদোর বোনের
ছবি: সংগৃহীত
০৪:০১ এএম | ২০ জুন, ২০২৬
পর্তুগালের ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে হতাশাজনকভাবে। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলের ড্র যেন দলটির কাছে পরাজয়ের অনুভূতিই এনে দিয়েছে। আত্মবিশ্বাস নিয়ে উত্তর আমেরিকায় আসা পর্তুগাল প্রতিপক্ষের সংগঠিত ও দ্রুতগতির খেলার বিপক্ষে নিজেদের ছন্দ খুঁজে পায়নি।
ম্যাচের ফলের পর ড্রেসিংরুমে আত্মসমালোচনা যেমন হয়েছে, তেমনি বাইরে থেকেও এসেছে নানা তীর্যক মন্তব্য। কিছু বার্তা ছিল বোমার মতো, যেমন ক্রিশ্চিয়ানো রোনালদোর বোনের পাঠানো বার্তাটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় কাতিয়া আভেইরোর অনুসারী সংখ্যা ১৬ লাখেরও বেশি। ইনস্টাগ্রামে দেওয়া তার একটি পোস্ট দ্রুতই পর্তুগাল জাতীয় দলকে ঘিরে বিতর্কের জন্ম দিয়েছে।
পোস্টটি আসে হোয়াও নেভেসের বিতর্কিত মন্তব্য এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে চলমান সমালোচনার পরিপ্রেক্ষিতে। বিশ্বকাপের প্রথম ম্যাচে রোনালদো নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। এই ম্যাচে দুটি স্পষ্ট গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।
রোনালদোর বিরুদ্ধে চলা সমালোচনায় বিরক্ত কাতিয়া লেখেন, ‘কি যেন জাদুমন্ত্রে সবাই বল দখল পুনরুদ্ধার করা, ডুয়েল জেতা এবং পাল্টা আক্রমণ শুরু করার বিষয়গুলো ভুলে গেছে। মাঝমাঠের খেলা ছিল পেছনের দিকে। এই বিশ্বকাপ অদ্ভুত, খুবই অদ্ভুত।’

তবে সমর্থকদের আশাবাদী থাকার আহ্বানও জানান তিনি। পোস্টের শেষে লেখেন, ‘শুরুটা খারাপ হলেও শেষ পর্যন্ত আমরা ঠিকই ঘুরে দাঁড়াব।’
বিতর্ক অবশ্য সেখানেই থেমে থাকেনি। কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় কাতিয়ার আরেকটি কাজ। দেখা যায়, তিনি একটি মন্তব্যে ‘লাইক’ দিয়েছেন, যেখানে ব্রুনো ফার্নান্দেজের সমালোচনা করা হয়েছিল।
মন্তব্যটিতে লেখা ছিল, ‘সে জাতীয় দলের জার্সিতে আর দশজনের মতোই একজন খেলোয়াড়।’
সেখানে আরও বলা হয়, ‘যখন পর্তুগাল জাতীয় দলের একজন নেতার সবচেয়ে বেশি প্রয়োজন, তখন সে ম্যাচে নিজেকে আড়াল করে রাখে এবং দায়িত্ব ও চাপ অন্যদের কাঁধে ছেড়ে দেয়।’
এদিকে রোনালদোর আরেক বোন এলমা আভেইরোও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, রেফারির সিদ্ধান্তে পর্তুগাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি এখনো বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী।
এলমা লেখেন, ‘আমি বিশ্বাস করি খারাপ শুরুর পর ভালো সমাপ্তি আসতে পারে। মাঠে তোমরাই আছ। কথা বলা সহজ। বিশেষ করে যখন তোমাদের সঙ্গে এমন কিছু হয়, তখন পরিস্থিতি সহজ থাকে না।’
একেএস/টিএ