© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি: পুরস্কার ঘোষণা

শেয়ার করুন:
আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি: পুরস্কার ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ পিএম | ২০ জুন, ২০২৬
জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি বড় আকারের পতাকা চুরির ঘটনায় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে পতাকাটির সন্ধানদাতার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন সমর্থকেরা।

শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা চাঁদা তুলে প্রায় ২০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর তীরে একটি খুঁটির সঙ্গে টাঙিয়ে রাখা হয়।

গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে জানতে পারেন ক্লাবের সদস্যরা। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এর কোনো সন্ধান না পেয়ে শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর টুটুল সিকদার নামে এক সমর্থক সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি করেন।

টুটুল সিকদার বলেন, অনেক পরিশ্রম করে এবং টাকা-পয়সা সংগ্রহ করে আমরা পতাকাটি তৈরি করেছিলাম। ক্লাবের কয়েকজন সদস্য নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এতে অর্থ দিয়েছেন। পতাকাটি হারিয়ে সবাই কষ্ট পেয়েছেন। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কেউ পতাকাটির সন্ধান দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, ‘পতাকা চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এফআর/টিকে

মন্তব্য করুন