জামায়াতের কাছে ভুল-শুদ্ধ শিখতে হবে না, তারেক রহমান সঠিক পথেই আছেন : প্রিন্স
ছবি: সংগৃহীত
০৯:৫৩ পিএম | ২০ জুন, ২০২৬
জামায়াতে ইসলামীর কাছে বিএনপিকে ভুল-শুদ্ধ জানতে বা শিখতে হবে না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেমন সঠিক পথে ছিলেন, তেমনি তারেক রহমানও সঠিক পথেই আছেন এবং বিএনপি জনগণের স্বার্থে দায়িত্বশীল রাজনীতি করে যাচ্ছে।’
শনিবার (২০ জুন) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের আলী শাহ বাজারে উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন ফকিরের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, যারা ফ্যাসিবাদের আমলে নীরব থেকেছে কিংবা গুপ্ত ছিল, তাদের মুখে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিপ্লব বা আগ্নেয়গিরি সৃষ্টির আহ্বান দেশ, জাতি ও গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বার্তা বহন করে।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের নির্বাচিত সরকার যখন জনকল্যাণমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করছে, তখন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অজুহাত তুলে বিরোধী নেতাদের হুমকি-ধমকি তাদের দুরভিসন্ধিমূলক রাজনীতিরই বহিঃপ্রকাশ।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ভেসে আসা কোনো দল নয়। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।
স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। এরপরও জামায়াত ও এনসিপির কিছু নেতা জনগণকে বিভ্রান্ত করতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি দাবি করেন, বিএনপি কখনোই গণভোটের রায় বাস্তবায়ন করবে না- এমন কথা বলেনি। বরং গণভোট প্রসঙ্গে বিভিন্ন সময়ে দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
গণভোটের চারটি বিষয়ের মধ্যে সাড়ে তিনটি বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই বলেও তিনি উল্লেখ করেন।
দেশবাসীর উদ্দেশে প্রিন্স বলেন, বিরোধী দলের কিছু নেতার দুরভিসন্ধিমূলক রাজনীতি সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে এবং গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে বিভ্রান্তি এড়িয়ে চলতে হবে।
এমআর/টিকে