© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় দুটি নয়, সেই তিন ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
বগুড়ায় দুটি নয়, সেই তিন ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১১ এএম | ২১ জুন, ২০২৬
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সদ্য গঠিত তিন ইউনিয়নের নাম নিয়ে বিতর্কের মধ্যে সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর প্রশাসন নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

শনিবার সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুইটি নয়, তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি এসেছে। মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার নতুন গঠিত মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।


ডিসি তৌফিকুর রহমান জানান, তিনি চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং দ্রুত আইনি প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, ‘আমি চিঠিটি ইনডোর্স করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়েছি। আগামীকাল থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের কাজ শুরু হবে। আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি, যেন সাংবাদিকসহ সব ধরনের অংশীজনকে নিয়ে গণশুনানি করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘চিঠিটি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হবে।’


এর আগে শুক্রবার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে সরাসরি নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে (শুক্রবার) আমাকে ফোন করেছিলেন। তিনি দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সম্প্রতি তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এসব ইউনিয়নের নামকরণ নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা দেখা দেয়।

মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। একই সময়ে শিবগঞ্জ উপজেলায় নতুন একটি ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’। নামগুলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পদবি এবং তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

এ নিয়ে গত সোমবার জাতীয় সংসদেও প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়। বিরোধী সদস্যরা ইউনিয়নের নামকরণে ব্যক্তিগত প্রভাবের অভিযোগ তোলেন।

তবে সংসদে এসব অভিযোগ অস্বীকার করেন মীর শাহে আলম।

তিনি বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’

বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ এলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এখন গণশুনানি ও আইনি প্রক্রিয়া শেষে নতুন নাম চূড়ান্ত করবে স্থানীয় প্রশাসন।

টিজে/টিএ 

মন্তব্য করুন