মাদক সেবনের ভিডিও ভাইরাল : বিএনপির নেতাকে অব্যাহতি, কমিটি বিলুপ্ত
ছবি: সংগৃহীত
১১:০৯ এএম | ২১ জুন, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকদ্রব্য ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে উপজেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় এবং ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। শনিবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি ও ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল বলেন, দলীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে সাইদুল ইসলামকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে তার সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তার ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।
এদিকে ঘটনার বিষয়ে সাইদুল ইসলাম দাবি করেন, ভিডিওটি প্রচারের বিষয়টি পরিকল্পিত।
অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, তদন্ত কমিটির কাছে আমার পক্ষে অনেকেই কথা বলেছেন। আমি অব্যাহতি পাওয়ার বিষয়টি শুনলেও ইউনিয়ন কমিটি বিলুপ্তির বিষয়ে অবগত নই।
টিকে/