কলকাতায় রাস্তা আটকে যোগব্যায়াম করলেন মোদী, দিলেন সুস্থ থাকার টোটকা
ছবি: সংগৃহীত
০৪:০৪ পিএম | ২১ জুন, ২০২৬
কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার (২১ জুন) সেখানে হাজারও মানুষের উপস্থিতিতে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস।
এ উপলক্ষে বন্ধ রাস্তায় সুবিশাল মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানের শুরুতেই পশ্চিমবঙ্গে যোগব্যায়ামের সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া যোগকে ২০২৬ সালে আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। শতকোটি প্রণাম জানাই।
এরপর নরেন্দ্র মোদী বলেন, বাংলার পুণ্যভূমিতে যোগ দিবস উদযাপন বড় প্রাপ্তি। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে দিনটিকে স্বাগত জানিয়েছেন। যোগে কোন বয়সের সীমা থাকে না। যোগ দিবস তুলে ধরেছে দেশের ঐক্যের ছবি। যোগ মানব জীবনের চেতনার প্রকাশ। সবাইকে জুড়ে দিয়েছে যোগ দিবস। একটা গোটা দেশ এক হয়েছে। ২১ জুন বিশ্বের অন্যতম উৎসবের রূপ নিয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ। রোজ যোগাভ্যাস করলে মন শান্ত থাকে, উদ্বেগকে দূরে রাখা যায়। যোগ দুঃখের বিনাশ করে। যোগ জীবনের ভারসাম্য রাখা শেখায়। কী করা উচিত, কী উচিত নয়, তা শেখায় যোগ। যখন আমরা শরীরকে সঠিকভাবে চালানো শিখে নেই, তখন সুস্বাস্থ্য আমাদের সঙ্গে থাকে।
এদিন রেড রোড ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে যোগ দিবস। মালদহের সত্য চৌধুরী স্টেডিয়ামেও চলছে যোগা দিবসের অনুষ্ঠান। দক্ষিণেশ্বর কালী মন্দিরের গঙ্গার ঘাটেও চলছে যোগ দিবসের কর্মসূচি।
তবে বিভিন্ন মহল বলছে, মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদের সময় কয়েক ঘণ্টার জন্য রেড রোডে নামাজের অনুমতি দেওয়া হয়নি, এখন সেখানেই সাতদিন ধরে রাস্তা আটকে যোগ দিবস উদযাপনের কোনো যুক্তি নেই।
এমআই/টিকে