অস্ট্রিয়া ম্যাচের আগে বিপাকে মেসি ও ম্যাক অ্যালিস্টার
ছবি: সংগৃহীত
০৫:৩৪ পিএম | ২১ জুন, ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার দ্বিতীয় প্রতিপক্ষ অস্ট্রিয়া। ইউরোপের দেশটির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টে ‘রাউন্ড অব ৩২’ এক প্রকার নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচের আগে মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আর্জেন্টিনার দুই অভিজ্ঞ লিওনেল মেসি ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। ‘দ্য অ্যাথলেটিক’র প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার অভিযোগের মূল বিষয় হলো ম্যাচ চলাকালীন রেফারি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাদের বিপক্ষে গেছে। তেমনই একটি ঘটনা ছিল ম্যাক অ্যালিস্টার ও ইব্রাহিম মাজানের মধ্যে সংঘর্ষ। অন্যটি আইসা মান্ডিকে করা মেসির চ্যালেঞ্জ।

প্রতিপক্ষের গায়ে কনুই দিয়ে আঘাত করার পরও ম্যাক অ্যালিস্টারকে কার্ড দেখাননি রেফারি সিমন মার্সিনিয়া। পাশাপাশি আইসা মান্ডিকে চ্যালেঞ্জের জন্য শাস্তির মুখে পড়েননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
এ ঘটনায় আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেন, ‘কাল্পনিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা অর্থহীন, তবে সবাই, আমি নিজেও ঘটনাটি দেখেছি।’
আলজেরিয়ার অভিযোগে মার্সিনিয়াকের পারফরম্যান্স এবং তার স্বদেশি টমাস কোয়াতকোভস্কির নেতৃত্বাধীন ভিএআর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আরআই/টিকে