অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
০৬:০৬ পিএম | ২১ জুন, ২০২৬
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনার ফুটবলাররা আছেন ফুরফুরে মেজাজে। আগামীকাল ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। মাঠে নামার আগে ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। সেই অনুষ্ঠানে বাজপাখি নামে পরিচিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে অনেক উৎফুল্ল দেখা গেছে।
বড় অভিযানে বের হলে আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে ‘আসাদো’ (আর্জেন্টাইন বারবিকিউ) আয়োজন করে থাকে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী এই বারবিকিউ পার্টি আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ সকালে একটি ভিডিও পোস্ট করেছে। বারবিকিউ করতে করতে নাচতে দেখা গেছে এমি মার্তিনেসকে। বাকিদের সঙ্গে মজাও করছেন তিনি।

আসাদো পার্টির সময়ে কাউকে মাংসের টুকরোও খেতে দেখা গেছে। কীভাবে একটা বারবিকিউ পার্টি আয়োজন করা হয়, সেটা দেখা গেছে ভিডিওতে। লাউতারো মার্তিনেস মোবাইলে কী যেন দেখাচ্ছিলেন সতীর্থদের। আর্জেন্টিনা দল যে সুখী পরিবার, সেই ছবিটাই ফুটে উঠেছে তাদের ঐতিহ্যবাহী আসাদো আয়োজনে।
কানসাসে ১৭ জুন লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে রেকর্ড বই তছনছ করে দেওয়া মেসিকে নিয়ে বিতর্কও হয়েছে। আলজেরিয়ার আইসা মান্দির কাছ থেকে বল কাড়তে গিয়ে তাঁকে (মান্দি) বাজে ট্যাকল করেছেন। ফিফার কাছে আলজেরিয়া মেসির এই ট্যাকল নিয়ে নালিশ দিয়েছে বলে রয়টার্স, এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
আগামীকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ। রেকর্ডের বরপুত্র নামে পরিচিত মেসিকে হাতছানি দিচ্ছে অসংখ্য রেকর্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডালাসেই খেলবে আর্জেন্টিনা। ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে জর্ডান-অস্ট্রিয়া ম্যাচ।
আরআই/টিকে