© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়েছেন কারা?

শেয়ার করুন:
তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়েছেন কারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ২১ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এরপর তিনি চীন সফর করবেন। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর।

রোববার (২১ জুন) মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, রোববার বেলা ২টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান।

সফরসঙ্গী কারা?

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম এই বিদেশ সফরে তার সঙ্গী হয়েছেন ২৫ সদস্যের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তারেক রহমানের সাথে যাচ্ছেন তার স্ত্রী জুবাইদা রহমান। সফরকারী দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর রহমান চৌধুরী।

এছাড়াও সফরকারী দলে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী তানভীর গণি এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ জুন রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ান প্রদেশে যাবেন। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন।

মালয়েশিয়া সফরের সময় ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পারস্পরিক দ্বিপক্ষীয় বিষয় আলোচনা হবে। আলোচনার ইস্যু হবে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ।

এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপন নিয়ে আলোচনা হবে।

এমআর/টিকে  


মন্তব্য করুন