টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
০৯:০৮ পিএম | ২১ জুন, ২০২৬
টাঙ্গাইলে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় এরই মাঝে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বড় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝটিকা মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ মুজিব, লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এদিকে মিছিলে অংশ নেওয়ায় আশিকুর রহমান আশিক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের ঝটিকা মিছিলটি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু কাউকে পাওয়া যায়নি। ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আরআই/টিএ