© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গেইলকে টপকে টি-টোয়েন্টির নতুন রানসম্রাট কাইরন পোলার্ড!

শেয়ার করুন:
গেইলকে টপকে টি-টোয়েন্টির নতুন রানসম্রাট কাইরন পোলার্ড!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ এএম | ২২ জুন, ২০২৬
ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে অপরাজিত শতরানের পথে ক্রিস গেইলের ১৪৫৬২ রানের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন কাইরন পোলার্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন কাইরন পোলার্ড। দীর্ঘদিন ধরে ক্রিস গেইলের দখলে থাকা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে এখন তালিকার শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার।

শনিবার মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৬ আসরে এমআই নিউইয়র্কের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন পোলার্ড। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে দুর্দান্ত এক শতরানের ইনিংস খেলতে খেলতেই তিনি ছাড়িয়ে যান টি-টোয়েন্টি কিংবদন্তি ক্রিস গেইলকে।

৫৬ বলে অপরাজিত ১০০ রান করেন পোলার্ড। ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৪টি ছক্কায়। এই শতরানের মাধ্যমে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট রান দাঁড়ায় ১৪ হাজার ৫৮২। এর আগে গেইলের সংগ্রহ ছিল ১৪ হাজার ৫৬২ রান।

৫৬ বলে অপরাজিত ১০০ রান করেন পোলার্ড। ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৪টি ছক্কায়। এই শতরানের মাধ্যমে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট রান দাঁড়ায় ১৪ হাজার ৫৮২। এর আগে গেইলের সংগ্রহ ছিল ১৪ হাজার ৫৬২ রান।

বিশ্বজুড়ে প্রায় দুই দশক ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন পোলার্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ কিংবা এমএলসি— প্রায় সব বড় টি-টোয়েন্টি লিগেই নিজের শক্তিমত্তার ছাপ রেখেছেন তিনি। ৭৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পোলার্ড, যা ক্রিকেটে এক অনন্য রেকর্ড। এখন পর্যন্ত ৭০০-এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটারও তিনি।



তবে ব্যক্তিগত অর্জনের দিনটিতে দলীয় সাফল্য পাননি পোলার্ড। তার শতরান সত্ত্বেও ৩০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এমআই নিউইয়র্ককে।

ম্যাচটিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৪৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়াশিংটন ফ্রিডম। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল ওয়েন। মাত্র ৬৮ বলে ১৫৫ রান করে এমএলসি ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। মাত্র ৪১ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন ওয়েন। তার ইনিংসে ছিল একের পর এক দৃষ্টিনন্দন শট ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী।

ওয়েনের পাশাপাশি স্টিভ স্মিথ ও মার্ক চ্যাপম্যানও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের ব্যাটে ভর করেই বিশাল লক্ষ্য দাঁড় করায় ওয়াশিংটন।

২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে এমআই নিউইয়র্ক। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান কুইন্টন ডি কক ও মোনাঙ্ক প্যাটেল। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হন অধিনায়ক নিকোলাস পুরান। দ্রুত ৫ উইকেটে মাত্র ৬৪ রান হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে দলটি।

সেই ধ্বংসস্তূপের মাঝেই প্রতিরোধ গড়েন পোলার্ড। রোমারিও শেফার্ড ও করবিন বোশকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ বাঁচানো সম্ভব না হলেও নিজের সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান ক্যারিবিয়ান এই তারকা।

মজার বিষয় হলো, এত দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ছিল পোলার্ডের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। তবে এই শতরানই তাকে পৌঁছে দিল ফরম্যাটটির সর্বোচ্চ শিখরে।

টি-টোয়েন্টিতে ১৪ হাজারের বেশি রান করা ব্যাটারদের অভিজাত তালিকায় পোলার্ড ও গেইলের পাশাপাশি রয়েছেন অ্যালেক্স হেলস, জস বাটলার, ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলির মতো তারকারা। কিন্তু এখন সবার ওপরে একাই দাঁড়িয়ে আছেন কাইরন পোলার্ড।

একেএস/টিএ


মন্তব্য করুন