© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’- অস্ট্রিয়াকে নিয়ে আর্জেন্টিনা কোচ

শেয়ার করুন:
‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’- অস্ট্রিয়াকে নিয়ে আর্জেন্টিনা কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ এএম | ২২ জুন, ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রিয়া। যাদেরকে হারানো গেলে নকআউট পর্বের খুব কাছে চলে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

‘জে’ গ্রুপে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের পর হবে আলজেরিয়া বনাম জর্ডান ম্যাচ। দুটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে গ্রুপ সেরা কে হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বর দল লিওনেল মেসিদের নিয়ে গড়া আর্জেন্টিনা। তালিকার ২৪তম দল অস্ট্রিয়া। 

অস্ট্রিয়ার বিপক্ষে আজেন্টিনার ম্যাচের অতীত ইতিহাস খুব বেশি নেই। এর আগে মোটে দুবারের দেখায় একবার ১-১ গোলে ড্র, অন্যবার আর্জেন্টিনা জিতেছে ৫-১ গোলে। সর্বশেষ দেখাও ১৯৯০ সালে।



তবে প্রতিপক্ষ যে-ই হোক, কাউকে ছোট করে দেখতে নারাজ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। অস্ট্রিয়া বেশ কঠিন প্রতিপক্ষ, ওদের দলে খুব ভালো ভালো খেলোয়াড় আছে। ওরা দারুণ প্রেসিং করে এবং বাছাইপর্বেও চমৎকার খেলে এসেছে। নিঃসন্দেহে এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সবচেয়ে ভালো খবর হলো পারেদেস, মনতিয়েল এবং তাগলিয়াফিকো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এই ম্যাচে তারা মাঠে নামার জন্য প্রস্তুত। 

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওঠে লিওনেল মেসির জন্মদিন প্রসঙ্গ। আগামী ২৪ জুন আর্জেন্টাইন মহাতারকা ৩৯তম জন্মদিন উদযাপন করবেন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে কোচ স্কালোনি বলেন, ‘সে যেন সুখী থাকে, আমরা সবাই এটাই চাই।’ 

বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ই আপাতত হতে পারে মেসির জন্য অন্যতম সুখের মুহূর্ত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

এফআর/টিকে

মন্তব্য করুন