© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রিয়া ম্যাচের আগে মেসির সবশেষ শারীরিক অবস্থা জানালেন স্কালোনি

শেয়ার করুন:
অস্ট্রিয়া ম্যাচের আগে মেসির সবশেষ শারীরিক অবস্থা জানালেন স্কালোনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩২ এএম | ২২ জুন, ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দলের অধিনায়ক লিওনেল মেসি পুরোপুরি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে চালু হওয়া হাইড্রেশন বিরতির নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন আর্জেন্টাইন কোচ। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। 

সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, মেসিকে নিয়ে কোনো উদ্বেগ নেই। ২৪ জুন ৩৯তম জন্মদিন উদযাপন করতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।



দল নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘দল ভালো ও খারাপ; দুই ধরনের পরিস্থিতিই একসঙ্গে মোকাবিলা করে। বন্ধু সঙ্গে থাকলে সবকিছুই সহজ লাগে। আমরা সবাই সেটাই অনুভব করি।’ মেসির জন্মদিন প্রসঙ্গে তার মন্তব্য, ‘সে সুখী থাকুক, আমরা সবাই সেটাই চাই।’

তবে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় আসে বিশ্বকাপের হাইড্রেশন বিরতি নিয়ে স্কালোনির মন্তব্য। তীব্র গরমের কারণে প্রতিটি অর্ধে নির্ধারিত এই বিরতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

স্কালোনির ভাষায়, ‘গরম এবং বারবার খেলা থামার কারণে বিষয়টি তাত্ত্বিকভাবে দুর্বল দলকে কিছুটা সুবিধা দেয়। আমার মনে হয় এতে খেলার গতি ভেঙে যায়। চারটি ভাগে ম্যাচ খেলার মতো অনুভূতি তৈরি হয়, যা আমার কাছে স্বাভাবিক মনে হয় না।’

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে স্কালোনি সতর্কতার সুরে বলেন, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। তিনি মনে করেন, প্রতিপক্ষ দলটি যথেষ্ট শক্তিশালী এবং তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তার ভাষায়, ‘অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তারা খুব ভালো প্রেসিং করে এবং বাছাইপর্বেও দারুণ খেলেছে। নিঃসন্দেহে এটি কঠিন একটি ম্যাচ হবে।’

এফআর/টিকে

মন্তব্য করুন