© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির কাছ থেকে শেখা খুব কঠিন: ম্যাক অ্যালিস্টার

শেয়ার করুন:
মেসির কাছ থেকে শেখা খুব কঠিন: ম্যাক অ্যালিস্টার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৭ এএম | ২২ জুন, ২০২৬
লিওনেল মেসির কাছ থেকে শেখা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন তার আর্জেন্টাইন সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। অ্যালিস্টার মনে করেন, মেসি এতই মেধাবী যে, তিনি যা করেন, দেখার পরও তা তার মতো করা যায় না।

অ্যালিস্টার সাংবাদিকদের এ কথা বলেন। এই মিডফিল্ডার মনে করেন, মেসি যা করেন, সেগুলো সাধারণ কিছু নয়। ফুটবল নিয়ে কিছু শিখতে না পারলেও মেসির কাছ থেকে তিনি শেখেন মূল্যবোধ ও বিনয় সম্পর্কে।

অ্যালিস্টারের ভাষ্য, ‘সে (মেসি) যা করে, সেখান থেকে শেখা খুব কঠিন। কারণ বিষয়গুলো বুঝতে পারলেও আপনি কখনওই সেভাবে করতে পারবেন না। আমি তার কাছ থেকে যা শিখি, তা হলো তার মূল্যবোধ এবং অসাধারণ বিনয়। সে এমন একজন মানুষ, যে বিশ্বের সেরাদের একজন।’

অ্যালিস্টার বলেন, ‘লিওর সঙ্গে থাকা আমি খুবই উপভোগ করি। তার মতো কাউকে কখনও দেখা যাবে না। তার পাশে থেকে সবকিছু দেখা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। সে যা করে, সেগুলো সাধারণ কিছু নয়। আমার দিক থেকে আমি শুধু তার প্রতিভার সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করি, কারণ জয়ের জন্য সে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে আছে তাকে নিয়ে গভীর মুগ্ধতা।’

আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে। ৩টি গোলই করেন লিওনেল মেসি, যার প্রথমটিতে কিছুটা অবদান আছে অ্যালিস্টারের। নিজেদের অর্ধ থেকে বাড়ানো রদ্রিগো ডি পলের পাস মাঝমাঠে দাঁড়িয়ে থাকা অ্যালিস্টার ধরেননি, ছেড়ে দেন মেসির জন্য। এ নিয়ে অ্যালিস্টার বলেন, ‘প্রথম গোলটির সময় আমি একটু মাঝমাঠে ছিলাম। আমি দেখেছিলাম যে লিও আমার পেছনে ছিল। বলটা ছেড়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু যে ফুটবল খেলেছে সে বুঝবে যে রদ্রিগোর (ডি পল) পাসের গতি ও শক্তি যেমন ছিল, তাতে আমি খুব ভালোভাবেই জানতাম বলটি আমার জন্য নয়।’

টিকে/

মন্তব্য করুন