‘আপনি তো বাজেট নিয়ে কথাই বলেন নাই’, এমপি বাবুকে স্পিকার
ছবি: সংগৃহীত
০৫:৩২ পিএম | ২২ জুন, ২০২৬
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেট নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি জামালপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে উঠে তিনি বাজেট আলোচনার পুরো সময়টাই ব্যয় করেন দল ও নিজের নির্বাচনী এলাকার নানা গুণগানে।
অধিবেশনে সুলতান মাহমুদ বাবুকে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে শুরুতে সাত মিনিট সময় বরাদ্দ দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে সেই সময়ের মধ্যে বাজেটের ভালো-মন্দ কোনো দিক নিয়ে কথা না বলে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্মৃতিচারণ শুরু করেন। একই সঙ্গে তিনি বৃদ্ধাশ্রম ও নিজের নির্বাচনী এলাকার নানা প্রসঙ্গ টেনে কথা বলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজের এলাকার মানুষের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে স্পিকারের কাছে আরও কিছুটা সময় বাড়ানোর অনুরোধ জানান।
এ সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে মন্তব্য করেন, আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই। দুই মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। স্পিকারের এমন মন্তব্যের পর সুলতান মাহমুদ বাবু বলেন, এলাকার মানুষ ভোটের মাধ্যমে তাকে তিন তিনবার এই মহান সংসদে পাঠিয়েছে এবং তারা উন্নয়ন চায়। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে পরে সময় পেলে কিংবা ৭১ বিধিতে কথা বলবেন বলে জানান তিনি।
এসএন