চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শোডাউন
ছবি: সংগৃহীত
০৬:৪৯ পিএম | ২২ জুন, ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২২ জুন) সামনে আসা ওই ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছেন কয়েকজন নেতাকর্মী। তবে সেসময় আশপাশে মানুষের তেমন উপস্থিতি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, সকালের কোনো এক সময়ে এই শোডাউন করেছেন তারা
এসময় তাদেরকে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়।
এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনে নেতৃত্ব দিতে এবং বক্তব্য রাখতে দেখা যায়। তিনি বলেন, ৫ আগস্টের সময় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আতুড়ঘর হতে দেব না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন গণমাধ্যমকে বলেন, এ নিয়ে একটি ভিডিও আমি দেখেছি। তবে এটি কখন ধারণ করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএন