রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়: মেসি
ছবি: সংগৃহীত
০৮:১৮ এএম | ২৩ জুন, ২০২৬
এক ম্যাচেই ছিল নাটকীয়তার সব উপাদান। শুরুতে পেনাল্টি মিস, এরপর ইতিহাস গড়া দুই গোল এবং দলকে নকআউটে তোলার মিশন সফল। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন লিওনেল মেসি।
এই জয়ের ফলে শুধু নকআউট পর্বই নিশ্চিত হয়নি, বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা।

যদিও ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া—‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি নিজের অনুভূতি জানাতে গিয়ে এবং প্রিয় গোল কোনটি- এমন প্রশ্নের জবাবে বরাবরের মতোই বিনয়ী মেসি সংক্ষেপে বলেন, ‘আমি প্রচণ্ড ক্লান্ত।’
ম্যাচে নিজের প্রথম গোলটি করে নারী ও পুরুষ বিশ্বকাপ মিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি মার্তার ১৭ গোলের বিশ্বরেকর্ডে ভাগ বসান মেসি। এরপর ইনজুরি টাইমে দ্বিতীয় গোলটি করে তিনি মার্তাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন।
ঐতিহাসিক এই অর্জনের পরও ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনকেই বেশি গুরুত্ব দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
মেসি বলেন, ‘এই জয়ে আমি খুবই খুশি। এটি ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কঠিন একটি জয়, যার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। এই জয় আমাদের পরবর্তী ধাপের জন্য মানসিক স্বস্তি দেবে।’
প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল পেলে ম্যাচটি আরও সহজ হয়ে যেতে পারত। তবে বিরতির পর অস্ট্রিয়া শক্তভাবে ফিরে এলেও পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারায় সন্তুষ্ট মেসি।
তিনি বলেন, ‘সত্যি বলতে, আজকের দিনটি আমাদের জন্য দুর্দান্ত ছিল। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ানোর সুযোগ আমার কাছে ছিল, তবে দিনশেষে দলের প্রচেষ্টা এবং ফলাফল নিয়ে আমি খুশি।’
চলতি সপ্তাহেই ৩৯ বছরে পা দেবেন মেসি। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলতি বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন তিনি।
গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট। আর সেই যাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইতিহাস গড়া এক মেসি, যার কাছে ব্যক্তিগত রেকর্ডের চেয়েও বড় দলীয় সাফল্য।
আরআই/ এসএন