আওয়ামী লীগের মাঠে নামার সাহস নেই: জাহেদ উর রহমান
ছবি: সংগৃহীত
১২:৪৯ পিএম | ২৩ জুন, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের নেতা–কর্মীদের মাঠে নামার নৈতিক সাহস নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি নিয়ে মাঠে নামলে সরকার ব্যবস্থা নেবে। তাদের নৈতিক সাহস নেই মাঠে নামার। তবে আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, তা দিয়ে নাশকতা করতে পারে; সেজন্য সরকার সতর্ক।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে বিচারের পর নির্ধারিত হবে। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেহেতু তারা কোনো কর্মসূচি নিয়ে এখন মাঠে নামতে চাইলে আইনভঙ্গকারী কাজ করছে। সরকার সেখানে ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো হয়তো প্রতীকীভাবে মাঠে আছে, যেহেতু আওয়ামী লীগ বলছে তারা অনেক কিছু করে ফেলবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেওয়ার মানে এই নয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে। অনেক কিছু করে ফেলার নৈতিক সাহস তাদের আছে বলে মনে করি না। দেশের সবার ডিমেনশিয়া হলে তখন হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে মনে হয় হবে না। মাফিয়া, চোর বাটপার, লুটপাটকারীদের খুব বেশি নৈতিক সাহস থাকে না।
তিনি বলেন, তবুও যে কয়েকটি জেলায় ঝুঁকি কিছুটা বেশি মনে হয়েছে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে জননিরাপত্তার স্বার্থে। আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, সরকার এমন কিছু মনে করে না। ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো তাদের আছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি কী করবে, সেটি বিএনপির কাছে জানতে হবে।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার সফর নিয়ে তাঁর এই উপদেষ্টা বলেন, মালয়েশিয়া সফর খুব সফল হয়েছে বলে আমরা মনে করি। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের আলাপ হয়েছে। আসিয়ানে সম্পৃক্ত হতে মালয়েশিয়া সমর্থন করবে। প্রতিরক্ষায় সহযোগিতা করবে, রোহিঙ্গা সংকটে মালয়েশিয়া সহায়তা করবে।
জাহেদ উর রহমান জানান, মালেশিয়ার শ্রম বাজার খোলা নিয়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী শ্রম বাজার পুনরায় চালু হবে।
এমআই/এসএন