© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ম্যাচের ভাগ্য গড়তে বেশি সময় নেয় না’, মেসির প্রশংসায় অস্ট্রিয়া কোচ

শেয়ার করুন:
‘ম্যাচের ভাগ্য গড়তে বেশি সময় নেয় না’, মেসির প্রশংসায় অস্ট্রিয়া কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ২৩ জুন, ২০২৬
আরেকটি বিশ্বকাপ রাত, আরও একবার লিওনেল মেসি শো। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জিতিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছেন অধিনায়ক মেসি। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকার ভূয়সী প্রশংসা করলেন অস্ট্রিয়ার কোচ রাল্ফ রাংনিক। 

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার দুটি গোলই এসেছে মেসির পা থেকে। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি। তবে রাংনিকের কাছে পরিসংখ্যানের চেয়েও বড় ছিল মেসির ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা।

ম্যাচ শেষে অস্ট্রিয়া কোচ বলেন, “যদি ৩৯ বছর বয়সে কেউ বিশ্বকাপের শুরুতেই পাঁচ গোল করে ফেলতে পারে, সেটাই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। মেসি আবারও দেখিয়ে দিয়েছে, সে-ই সেরা। একটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে তার খুব বেশি সুযোগের প্রয়োজন হয় না।”

ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও মেসিকে নিয়ে প্রশংসা করেছিলেন রাংনিক। তিনি বলেছিলেন, “মেসি অসাধারণ ও অনন্য একজন ফুটবলার, ইতিহাসের অন্যতম সেরা। তবে আর্জেন্টিনা শুধু মেসিকে ঘিরে গড়ে ওঠা দল নয়। তার চারপাশে অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে। কিন্তু সে-ই দলের নেতা।”

অস্ট্রিয়ার মিডফিল্ডার কনরাড লাইমারও ম্যাচ শেষে মেসির প্রভাবের কথা তুলে ধরেন। তার ভাষায়, “তাদের বিপক্ষে বল হারালে, বিশেষ করে বল যদি ১০ নম্বর জার্সিধারীর কাছে যায়, তাহলে সে ঠিক জানে কী করতে হবে। আমরা বহুবার সেটা দেখেছি। তারা খুব ভালো দল এবং মেসি সেই দলের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়।”

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার জালেও জোড়া গোল। দুই ম্যাচে পাঁচ গোল করে বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে রাঙিয়েছেন মেসি। তার নেতৃত্বে টানা দুই জয় তুলে নিয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিটও।

এমআই/এসএন

মন্তব্য করুন