© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

শেয়ার করুন:
‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ২৩ জুন, ২০২৬
বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে নিয়ে করা একটি মন্তব্যের জেরে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তবে এবার আলোচনার কারণ কোনো প্রশংসা নয়, বরং তার নামে প্রচারিত একটি ভুয়া উক্তি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনোই লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি।

বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন রোমারিও। বন্ধুর উদ্দেশে তিনি জানতে চান, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ প্রশ্ন শুনে হাস্যরসের সঙ্গেই পুরো ঘটনার ব্যাখ্যা দেন রোনালদো। তিনি জানান, নিজের নামে এমন মন্তব্য ছড়িয়ে পড়তে দেখে তিনিও সাধারণ মানুষের মতোই বিস্মিত হয়েছিলেন, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।’

এরপর তিনি জানান, বিষয়টি নিয়ে তার প্রতিনিধিরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে ঘটনার উৎস খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। রোনালদোর ভাষায়, ‘আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।’

বিতর্কটির সূত্রপাত হয় চলমান বিশ্বকাপে মেসি যখন গোলসংখ্যায় রোনালদোকে ছাড়িয়ে যান। সেই সময় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তি মেসিকে ‘সর্বকালের সেরা’ বলে আখ্যায়িত করেছেন। রোনালদোর নামে প্রচারিত সেই বহুল আলোচিত উক্তিটি ছিল—‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও খুব অল্প সময়ের মধ্যেই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধিরা। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওই সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি।

তবে মেসিকে সর্বকালের সেরা না বললেও আর্জেন্টাইন মহাতারকার প্রতি নিজের শ্রদ্ধা ও মুগ্ধতা কখনো গোপন করেননি রোনালদো। বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড মেসি ভেঙে দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে মেসির কৃতিত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। সেই বার্তায় রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’

ফলে মেসির প্রতি শ্রদ্ধা আর তাকে সর্বকালের সেরা ঘোষণা করার মধ্যে যে স্পষ্ট পার্থক্য রয়েছে, সেটিই এবার পরিষ্কার করে দিলেন দুইবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। আর একই সঙ্গে তুলে ধরলেন বর্তমান সময়ের ফুটবল সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া উদ্ধৃতি ছড়িয়ে পড়ার বাস্তবতাও।

টিএ/

মন্তব্য করুন