দুশ্চিন্তার অবসান, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মেসির বাবা
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ২৩ জুন, ২০২৬
বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মাঠে যেমন স্মরণীয় একটি দিন কাটিয়েছেন লিওনেল মেসি, তেমনি মাঠের বাইরেও পেয়েছেন স্বস্তির খবর। হাসপাতালে ভর্তি থাকার কয়েক দিন পর ছাড়পত্র পেয়েছেন তার বাবা হোর্হে মেসি।
আর্জেন্টাইন সাংবাদিক আঙ্গেল দে ব্রিতোর তথ্য অনুযায়ী, চিকিৎসকদের পর্যবেক্ষণে এখন বাসায়ই চিকিৎসা চালিয়ে যাবেন হোর্হে মেসি। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেসির জন্য এই খবরটি আসে বড় স্বস্তি হয়ে। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পরও আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছিলেন, পারিবারিক কারণে তিনি কয়েকটি কঠিন সময় পার করছেন।

হোর্হে মেসির শারীরিক অবস্থার আরও উন্নতি হলে যুক্তরাষ্ট্রে গিয়ে ছেলের খেলা মাঠে বসে দেখার সম্ভাবনাও রয়েছে। অবশ্য সেটি নির্ভর করবে চিকিৎসকদের অনুমতি এবং বিশ্বকাপে আর্জেন্টিনার অগ্রযাত্রার ওপর। ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে পুরো বিষয়টি শুরু থেকেই গোপন রাখার চেষ্টা করেছিল মেসি পরিবার। তবে অভিনেত্রী ফ্লোরেনসিয়া পেনিয়া নিজের একটি লাইভ অনুষ্ঠানে ভুলভাবে হোর্হে মেসির মৃত্যুর খবর প্রচার করলে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। পরে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়।
টিজে/টিএ