মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছরের বৃদ্ধা 'গ্র্যানি স্মিথ' আসলে কে?
ছবি: সংগৃহীত
১০:৪৫ পিএম | ২৩ জুন, ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন লিওনেল মেসি। তবে সেদিনের সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলোর একটি এসেছিল গ্যালারি থেকে। ডালাসে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের সময় সম্প্রচারের এক পর্যায়ে ক্যামেরা ঘুরে যায় গ্যালারিতে বসে থাকা ১০০ বছর বয়সী এক বৃদ্ধার দিকে।
গায়ে আর্জেন্টিনার বিখ্যাত আকাশি-সাদা জার্সি, হাতে একটি প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল, ‘আমার বয়স ১০০ বছর, আর আমি মেসির ভক্ত।‘
মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মেসির নতুন কীর্তি দেখতে বসা দর্শকদের অনেকেই তখন প্রশ্ন করতে শুরু করেন—'হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই বৃদ্ধা আসলে কে?’
তার নাম পলিন কানা। তবে অনলাইনে তিনি বেশি পরিচিত ‘গ্র্যানি স্মিথ’ বা ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এই কনটেন্ট নির্মাতা তার নাতি রস স্মিথের সঙ্গে তৈরি করা হাস্যরসাত্মক ভিডিও, বিভিন্ন স্টান্ট ও ভাইরাল স্কেচের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। তবে মেসির প্রতি তার ভালোবাসা নতুন কিছু নয়। শুধু এবার সেটি সবচেয়ে বড় মঞ্চে প্রকাশ পেয়েছে।
২০২৫ সালে ক্লাব বিশ্বকাপেই মেসিভক্তদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন পলিন কানা। সে সময় তিনি ইন্টার মিয়ামির কয়েকটি ম্যাচে উপস্থিত হয়ে মেসিকে উদ্দেশ্য করে নানা বার্তা লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেছিলেন। পোর্তোর বিপক্ষে গ্রুপ পর্বের এক ম্যাচে তার হাতে দেখা গিয়েছিল একটি মজার বার্তা—'মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’
এরপর পিএসজির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও হাজির হন তিনি। এবার তার প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মেসি, আমি তোমাকে ভালোবাসি। বয়স তো শুধু একটা সংখ্যা।‘ ওয়ার্ম-আপের সময় মেসির চোখে পড়ে বৃদ্ধা ভক্তটি। আর্জেন্টাইন অধিনায়ক তখন দূর থেকে হাসিমুখে হাত নাড়িয়ে অভিবাদন জানান। সেই মুহূর্তও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মজার এই ভক্ত-তারকা সম্পর্কের গল্পে যোগ হয় নতুন অধ্যায়।
অস্ট্রিয়ার বিপক্ষে তার সর্বশেষ উপস্থিতি আরও বেশি গুরুত্ব পেয়েছে, কারণ সেদিনই মেসি দুটি গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন। আর্জেন্টিনা নকআউট পর্ব নিশ্চিত করলেও, পলিন যেন ম্যাচটিকে অন্যরকম আবেগের রঙে রাঙিয়ে দেন। পলিন কানার জনপ্রিয়তার গল্প সাধারণ কোনো ইনফ্লুয়েন্সারের মতো নয়। ২০১২ সালে নাতি রস স্মিথের ভাইন ভিডিওতে প্রথম দেখা যায় তাকে।
প্রাণচাঞ্চল্যই সম্প্রতি তাকে এনে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। ৯৯ বছর ২৭৪ দিন বয়সে তিনি ‘ক্রাউড সার্ফিং’ করে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েন। টেক্সাসের বেলভিলে কান্ট্রি গায়ক ব্র্যান্টলি গিলবার্টের এক কনসার্টে এই কীর্তি গড়েন তিনি।
এই উদ্যোগের পরিকল্পনা করেছিলেন তার নাতি রস স্মিথ। তার লক্ষ্য ছিল দাদিকে কোনো একটি ক্ষেত্রে বিশ্বের সেরা বানানো। দর্শকেরা তাকে কাঁধে তুলে মঞ্চের দিকে নিয়ে যান, আর চারদিকে ধ্বনিত হতে থাকে ‘গ্র্যানি, গ্র্যানি’ স্লোগান।
এখন ১০০ বছর বয়সে এসে পলিন কানা নিজের জীবনের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে যোগ করলেন আরেকটি অধ্যায়—বিশ্বকাপের গ্যালারিতে মেসির প্রতি ভালোবাসার প্রকাশ।
টিজে/টিএ