© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্কটল্যান্ড ম্যাচে বিরল এক রূপে নামছে ব্রাজিল!

শেয়ার করুন:
স্কটল্যান্ড ম্যাচে বিরল এক রূপে নামছে ব্রাজিল!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৯ পিএম | ২৪ জুন, ২০২৬
ব্রাজিল ফুটবল দল বললেই চোখের সামনে ভেসে ওঠে আইকনিক হলুদ জার্সি, নীল শর্টস আর সাদা মোজার সেই চেনা রূপ। কিন্তু আপনি কি জানেন, বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল যখনই হলুদ জার্সির নিচে ‘সাদা শর্টস আর সাদা মোজা’ পরে নামে, তা হয়ে ওঠে এক পরম বিস্ময় ও বিরল ঘটনা?

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মায়ামিতে ২০২৬ বিশ্বকাপের সি-গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া সেলেসাওদের দেখা যাবে ঠিক এই অনন্য ও ঐতিহাসিক কম্বিনেশনে!

বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে ব্রাজিল এই ‘হলুদ-সাদা-সাদা’ কম্বিনেশন ব্যবহার করেছে মাত্র ১০ বার। সর্বশেষ ১ যুগ আগে, ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপে এই লুকে দেখা গিয়েছিল সেলেসাওদের।

সাধারণত ব্রাজিল নীল শর্টস পরে খেললেও, স্কটল্যান্ড ‘হোম টিম’ হওয়ায় এবং তারাও নীল শর্টস পরার কারণে ফিফা এই পোশাক পরিবর্তনের কড়া নির্দেশ দিয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, দুই দলের কোনো পোশাকের রঙ, এমনকি মোজার রঙও যেন এক না হয়। দুই দেশের নীলের শেড আলাদা হলেও কোনো রকম ঝুঁকি নেয়নি ফুটবলের অভিভাবক সংস্থাটি।

রেকর্ড বুক ঘাঁটলে দেখা যায়, ২০১৪ সালের বিশ্বকাপে খেলা ৭টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচেই এই বিরল কম্বিনেশন পরে মাঠে নেমেছিল ব্রাজিল। এর বাইরে ১৯৬২ সালের বিশ্বকাপ (যেবার ব্রাজিল দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়), ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৬ এবং ২০০৬ সালের বিশ্বকাপে এই বিশেষ এবং লাকি পোশাকের দেখা পেয়েছিল ফুটবল বিশ্ব। আজ মায়ামির মাঠে স্কটল্যান্ডের বিরুদ্ধে এই চেনা হলুদ আর অচেনা সাদার মিশেলে নেইমার-ভিনিসিয়ুসরা সাম্বা জাদুতে মেতে উঠতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়!

টিকে/

মন্তব্য করুন