© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা

শেয়ার করুন:
নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ পিএম | ২৪ জুন, ২০২৬
দীর্ঘ বিরতির পর ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার। আর এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে নতুন এক জোড়া বুট। বিশ্বকাপ উপলক্ষে তৈরি এই বুট স্কটল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবারের (২৫ জুন) ম্যাচে প্রথমবারের মতো ব্যবহার করতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।

ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা ডিজাইনার কিডসুপারের সহযোগিতায় ‘ফিউচার’ সিরিজের এই বিশেষ বুট তৈরি করেছে। বুটটির প্রধান রং হলুদ, সঙ্গে রয়েছে সবুজ রঙের বিভিন্ন নকশা। নেইমারের অনুরোধেই হলুদকে প্রাধান্য দেয়া হয়েছে, যা ব্রাজিলের ঐতিহ্যবাহী রঙের প্রতীক।

বুটটির নকশায় ব্যবহার করা হয়েছে ‘ফিনিক্স’ পাখির প্রতীক। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি স্থিতিশীলতা, বিশ্বাস এবং পুনর্জন্মের বার্তা বহন করে। দীর্ঘ চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা নেইমারের ক্যারিয়ারের সঙ্গে এই প্রতীকটির মিল খুঁজে পাওয়া যায়।

প্রচারমূলক এক বার্তায় নেইমার বলেন, ‘এটি আমার জন্য বিশেষ একটি বুট। ফিনিক্স আমার গল্পকে তুলে ধরে।’

তিনি আরও বলেন, ‘যখনই মানুষ আমাকে নিয়ে সন্দেহ করেছে, আমি ফিরে এসেছি। হলুদ রং, সোলের নকশা, প্রতীকগুলো; সবকিছুই আমার ব্যক্তিগত অনুভূতির অংশ। আমি চাই, মানুষ এই বুটের দিকে তাকিয়ে সেই অনুভূতিটা বুঝুক, যা আমি ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামার সময় অনুভব করি।’

বিশ্বকাপে এবার গোলাপি রঙের বুটের আধিক্য নিয়ে আলোচনার মধ্যেই নেইমারের এই হলুদ-সবুজ বুট আলাদা নজর কাড়ছে। গত সপ্তাহান্তে বিশেষ এই বুট তার হাতে তুলে দেয়া হয়।

ব্রাজিলের হয়ে নেইমারের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের ১৭ অক্টোবর, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ। যদিও সেই ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হেরে যায়। একই ম্যাচে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিস্কাসে গুরুতর চোট পান নেইমার। প্রায় তিন বছর পর জাতীয় দলে তার এই প্রত্যাবর্তন তাই ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

এমআই/টিএ


মন্তব্য করুন