স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার
ছবি: সংগৃহীত
০২:৪২ এএম | ২৫ জুন, ২০২৬
গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচ দিয়ে নেইমার জুনিয়রের মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তিনি শুরুর একাদশেই নেইমার থাকবেন নাকি পরে বদলি হিসেবে নামবেন সেই নিশ্চয়তা দেননি। এ বিষয়টি ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রে। এবার জানা গেল, নেইমারকে ছাড়াই ব্রাজিল একাদশ সাজিয়েছে।
স্কটিশদের বিপক্ষে ব্রাজিলের একাদশে এক পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল আগেই। সর্বশেষ হাইতি ম্যাচের মাঝে চোট পাওয়ায় এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। আনচেলত্তি তার জায়গায় তরুণ ফরোয়ার্ড রায়ানকে নিয়েছেন।নেইমার একাদশে না থাকলেও, আছেন স্কোয়াডে। পরে তাকে বদলি নামানোর সম্ভাবনা রয়েছে।
মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। কাগজে-কলমে ম্যাচটি যতই স্বাভাবিক মনে হোক, বাস্তবে এর গুরুত্ব অনেক বেশি। কারণ, গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে না পারলে নকআউট পর্বে ব্রাজিলের পথ অনেক কঠিন হয়ে যেতে পারে। এই ম্যাচের আগে পুরোপুরি চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন নেইমার। তার নামটি তাই ঘুরেফিরে অনেকবারই আলোচনায় এসেছে।
দলের অন্যতম প্রধান এই তারকাকে নিয়ে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেছেন, ‘নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত। সে চলতি সপ্তাহে বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে। ওর মতো কোয়ালিটির একজন খেলোয়াড় দলে ফেরাটা আমাদের জন্য বিশাল স্বস্তির। আমি নিজে বুড়ো বয়সে যদি ৯০ মিনিট হেঁটে বেড়াতে পারি, তবে নেইমার তো অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে! সে একদম ঠিক আছে। যদি ও মাঠে না-ও নামে, ডাগআউটে ওর উপস্থিতি, ওর অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।’
ব্রাজিলের একাদশ : অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস ও ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র
এমআই/টিএ