কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল ব্যাহত
ছবি: সংগৃহীত
০২:০৬ পিএম | ২৫ জুন, ২০২৬
কুমিল্লার বুড়িচংয়ে রাজাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। তবে লুপ লাইন ব্যবহার করে বিকল্প উপায়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে রাজাপুর রেলস্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর স্টেশন মাস্টার মোহাম্মদ লুৎফুর রহমান মোল্লা।
তিনি জানান, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস রাজাপুর স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে ট্রেনটি আপ লাইনের ওপর আটকে যায়। ইঞ্জিন বিকলের খবর পাওয়ার পর রেলওয়ের কারিগরি বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। বিকল ইঞ্জিনটি দ্রুত মেরামত অথবা বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটিকে গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, রাজাপুর স্টেশনে প্রবেশের পরই ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও জানান, এই ঘটনার ফলে আপ লাইনে চট্টগ্রাম ও সিলেটমুখী ট্রেন চলাচলের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। এরই মধ্যে কর্ণফুলী এক্সপ্রেস লাকসাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসেছে। আপ লাইন দ্রুত ক্লিয়ার করা সম্ভব না হলে ওই ট্রেনটিকে কুমিল্লা রেলওয়ে স্টেশন অথবা নিকটবর্তী কোনো স্টেশনে অপেক্ষা করতে হতে পারে।
ইঞ্জিন বিকলের ঘটনায় মাঝপথে আটকে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও ভোগান্তি দেখা দিয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
কেএন/এসএন