© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেদারল্যান্ডসের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কুক

শেয়ার করুন:
নেদারল্যান্ডসের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কুক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৩ পিএম | ২৫ জুন, ২০২৬
নেদারল্যান্ডস ক্রিকেটের সাম্প্রতিক সাফল্যের অন্যতম স্থপতি রায়ান কুক প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ, এমনটাই জানিয়েছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)।

সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কুক। পরিবারের প্রতি আরও বেশি সময় ও মনোযোগ দেয়ার প্রয়োজনীয়তা থেকেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে চার বছরেরও বেশি সময় ধরে ডাচ ক্রিকেটে তার গড়ে তোলা অধ্যায়ের ইতি ঘটল।


বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও কুকের রয়েছে পরিচিত সম্পর্ক। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর নেদারল্যান্ডসের ভারপ্রাপ্ত কোচ হিসেবে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যেই স্থায়ী দায়িত্ব পান।

তার নেতৃত্বে নেদারল্যান্ডস বিশ্ব ক্রিকেটে একাধিক স্মরণীয় সাফল্য অর্জন করে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখায় ডাচরা। এরপর ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেয় দলটি। ২০২৩ বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে আলোচনায় আসে তারা।




বিদায়ী বার্তায় কুক বলেন, ডাচ ক্রিকেটের সঙ্গে কাজ করা তার কোচিং জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি। তবে বর্তমান পরিস্থিতিতে দলের এমন একজন কোচ প্রয়োজন, যিনি পুরো সময়জুড়ে দায়িত্বে নিবেদিত থাকতে পারবেন।

কুকের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ ও সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাইনো কুন।

কেএন/এসএন



মন্তব্য করুন