মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার কেনজো
ছবি: সংগৃহীত
০৮:৪৪ পিএম | ২৫ জুন, ২০২৬
ফরাসি ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী তরুণ ফুটবলার কেনজো কিয়েস। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুঁইগাম্পের এই খেলোয়াড়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তি পেতে তিন বন্ধুকে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো কিস। বর্তমানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।
নদীতে নামার পর চারজনই প্রবল স্রোতের কবলে পড়েন। জরুরি সেবাকর্মীরা দ্রুত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও কিসকে খুঁজে পেতে কিছুটা সময় লাগে। পরে দমকলকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফ্রান্স সরকারের তথ্যমতে, গত সপ্তাহ থেকে শুরু হওয়া তাপপ্রবাহ-সংশ্লিষ্ট ঘটনায় দেশটিতে অন্তত ৪০ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।
কেনজো কিসের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল অলিম্পিক লিঁও এবং এএস সেন্ত-এতিয়েনের যুব একাডেমিতে। গত বছর তিনি গুঁইগাম্পে যোগ দেন এবং ক্লাবটির রিজার্ভ দলের হয়ে খেলছিলেন।
তার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে গুঁইগাম্প। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, আমাদের তরুণ খেলোয়াড় কেনজো কিসের মৃত্যুর সংবাদ গভীর শোকের সঙ্গে জেনেছি। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কঠিন এই সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় ক্লাব কর্তৃপক্ষ।
অন্যদিকে এএস সেন্ত-এতিয়েনের এক আবেগঘন বার্তায় জানায়, সবুজ প্রজন্ম আজ শোকাহত। রবার্ট হারবিন স্পোর্টস সেন্টারে সাত বছর কাটানো এই প্রতিভাবান ও বিনয়ী তরুণকে আমরা এক মর্মান্তিক দুর্ঘটনায় হারালাম। সতীর্থ, কোচ এবং যারা তার সঙ্গে পথ চলেছেন, সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
তরুণ এই ফুটবলারের অকাল মৃত্যুতে ফরাসি ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা।
টিজ/টিকে