স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী
ছবি: সংগৃহীত
০৩:২৩ এএম | ২৬ জুন, ২০২৬
কুমিল্লায় মাদক কারবারির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথার আহমেদ প্রেমের মায়ের সঙ্গে দেখা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে নগরীর কাটাবিল এলাকায় তাদের বাড়িতে যান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ।
এসময় তার সঙ্গে উপস্থিত থাকা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আমরা সবাই তাদের (মাদক কারবারিদের) কাছে স্যারেন্ডার করে চলে যাই। আর না হয় কিছু একটা করেন বিজয়পুর যা হয়েছে। না হয় চলেন মানুষের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছাইড়া দেই । মাদক কারবারি থাকবে, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, তারপর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব, এটা ঠিক না। কি জবাব দিবেন এই পরিবারের কাছে। মাদক কারবারিদেরকে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, মাদক কারবারিদের ধরতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলা হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমি ডিআইজি এবং কুমিল্লার এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি রাতের মধ্যেই ফলাফল দেখতে চাই।
তারপর মনিরুল হক চৌধুরী আহত ইথান আহমেদের মা সোনিয়া আক্তারের সাথে কথা বলেন। তার সাথে কে কে আছে তার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল কলেজে যোগাযোগ করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
এসময় আহত ইতারা আহমেদের মা বলেন, অপু এবং সাব্বির দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল। আজকে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম । টিফিন দেওয়ার পর বাসায় আসার সময় আমার ছেলের পিঠে গুলি লাগে। আমার একটি মাত্র ছেলে। আমার ছেলের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষের সময় ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। গুলিবিদ্ধ শিক্ষার্থীর ইথান আহমেদ প্রেম (১২) নগরীর কাটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে।
এমআই/টিএ