© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বাস ছিল ব্রাজিলের জার্সি গায়ে আমি আবারও জ্বলে উঠবো: ভিনিসিয়াস

শেয়ার করুন:
বিশ্বাস ছিল ব্রাজিলের জার্সি গায়ে আমি আবারও জ্বলে উঠবো: ভিনিসিয়াস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ এএম | ২৬ জুন, ২০২৬
রিয়াল মাদ্রিদের হয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ব্রাজিলের জার্সিতে বড় আসরে প্রত্যাশার প্রতিফলন ঘটাতে না পারায় দীর্ঘদিন সমালোচনার মুখে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে চলমান বিশ্বকাপে সেই সমালোচনার জবাব দিয়েছেন মাঠের খেলাতেই। দুর্দান্ত নৈপুণ্যে তিনি প্রমাণ করেছেন, জাতীয় দলের হয়েও তিনি সমান কার্যকর।

এবারের বিশ্বকাপে নিজের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ব্রাজিল ফুটবলের এক বিশেষ কীর্তির অংশ হয়ে গেছেন ভিনিসিয়াস। তিনি ব্রাজিলের ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন। এর আগে ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি রোনালদো ও রিভালদো এই কৃতিত্ব দেখিয়েছিলেন।


স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভিনিসিয়ুস বলেন, “আমি সবসময় নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখেছি। জানতাম, সময় এলেই আমি উন্নতি করব এবং ব্রাজিলের জার্সিতে আবারও জ্বলে উঠবো।”

এই দুই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। ফলে গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হ্যালান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পাঁচ গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন লিওনেল মেসি।



ভিনিসিয়াস আরও বলেন, “বিশ্বকাপে নিজের ছন্দ ফিরে পাওয়ার চেয়ে আনন্দের কিছু নেই। এটি এমন একটি মঞ্চ, যেখানে খেলার স্বপ্ন আমি সবসময় দেখেছি। নিজের পরিবার ও ব্রাজিলের মতো একটি মহান দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের বিষয়।”


ভিনিসিয়াসের প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, “এই বিশ্বকাপে ভিনিসিয়ুস ভালো করবে—এ নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। জাতীয় দলের হয়ে খেলতে সে ভীষণ উপভোগ করে এবং বর্তমানে অসাধারণ ফুটবল খেলছে।”

ভিনিসিয়াসের এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আনচেলত্তি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে কোচ-শিষ্য সম্পর্কের মধ্য দিয়ে দুজন একসঙ্গে দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন। জাতীয় দলেও সেই বোঝাপড়ার ইতিবাচক প্রভাব স্পষ্ট। আগের কোচদের অধীনে ৩৯ ম্যাচে মাত্র ছয় গোল করা ভিনিসিয়ুস, আনচেলত্তির অধীনে ১৩ ম্যাচেই সাত গোল করে ফেলেছেন।

টিজে/এসএন 

মন্তব্য করুন