রেকর্ড রান করেও ভারতের কাছে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৮:৪০ এএম | ২৬ জুন, ২০২৬
ব্যাট হাতে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলেও জয় পাওয়া হলো না বাংলাদেশের মেয়েদের। রেকর্ড ১৩৬ রান সংগ্রহ করার পরও ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সামনে টিকতে পারেনি নিগার সুলতানার দল। ওল্ড ট্রাফোর্ডে ১৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত।
টসে জিতে আগে ব্যাট করে শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। তবে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ৫১ রানের জুটি ইনিংসের ভিত্তি গড়ে দেয়। জুয়াইরিয়া ৩৩, সোবহানা ২২ এবং অধিনায়ক নিগার সুলতানা ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন।

শেষ দিকে স্বর্ণা আক্তার ও রিতু মনির ছোট ছোট ইনিংসে ৮ উইকেটে ১৩৬ রানে পৌঁছে বাংলাদেশ, যা আগে ব্যাট করে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সংগ্রহ।
তবে রান রক্ষার লড়াইয়ে শুরুতেই বড় সুযোগ হাতছাড়া হয়। প্রথম ওভারেই শেফালি বর্মার সহজ ক্যাচ নিতে পারেননি উইকেটকিপার নিগার। সেই জীবন পেয়ে শেফালি ৩৪ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেন। যষ্টিকা ভাটিয়া ২৩ ও জেমিমা রদ্রিগেজ অপরাজিত ২৬ রান করে সহজ জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিতু মনি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। চার ম্যাচে দ্বিতীয় হার বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনাকে কঠিন করে তুলেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টিজে/এসএন