‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল এবার উঠছে নিলামে
ছবি: সংগৃহীত
০৯:০৩ এএম | ২৬ জুন, ২০২৬
ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত, একই সঙ্গে সবচেয়ে স্মরণীয় গোলগুলোর একটি দিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে করা সেই গোলই পরে ‘হ্যান্ড অব গড’ নামে অমর হয়ে যায়। প্রায় চার দশক পর সেই ঐতিহাসিক ম্যাচের বল এবার উঠছে নিলামে।
নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন জানিয়েছে, বলটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকারও বেশি। তবে নিলামকারীদের ধারণা, শেষ পর্যন্ত এর মূল্য আরও অনেক দূর যেতে পারে।
১৯৮৬ সালের সেই ম্যাচে ম্যারাডোনা দুটি অবিস্মরণীয় গোল করেছিলেন। প্রথমটি ছিল ‘হ্যান্ড অব গড’, যেখানে তিনি হাতের স্পর্শে বল জালে পাঠিয়েছিলেন। ম্যাচ শেষে সেই গোল নিয়ে ম্যারাডোনা বিখ্যাত মন্তব্য করেছিলেন, গোলটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’
তবে সেই ম্যাচে আরও একটি গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি, যেটি ফুটবল ইতিহাসে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত। মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একের পর এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে করা সেই গোল আজও বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলগুলোর তালিকায় শীর্ষে রয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপের সময় সেই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সি নিলামে বিক্রি হয়েছিল ৯ দশমিক ২ মিলিয়ন ডলারে। এবার একই ম্যাচের বলটিও নিলামে উঠছে। তাই অনেকের ধারণা, এই বলও ফুটবল স্মারকের বাজারে নতুন রেকর্ড গড়তে পারে।
হেরিটেজ অকশনের ক্রীড়া স্মারক বিশেষজ্ঞ মাইক প্রোভেনজাল বলটির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এ ধরনের স্মারকের সঙ্গে তুলনা করার মতো আর কোনো উদাহরণ নেই। তার ভাষায়, এটি সত্যিকারের এক ও অদ্বিতীয় সংগ্রহযোগ্য বস্তু। এমনকি এটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল স্মারক বলেও দাবি করা যায়।
বিশ্বকাপ চলাকালীন সময়ে এমন ঐতিহাসিক স্মারক নিলামে তোলার পেছনেও রয়েছে বিশেষ কৌশল। প্রোভেনজালের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া-স্মারক বাজার। সেখানকার সংগ্রাহকদের আগ্রহ এবং ক্রয়ক্ষমতা দুই-ই দ্রুত বাড়ছে। ফলে বিশ্বকাপের আবহে ফুটবল-সংশ্লিষ্ট ঐতিহাসিক সামগ্রীর মূল্যও বেড়ে যায় কয়েক গুণ।
একসময় ক্রীড়া-স্মারকের বাজারে বাস্কেটবল, বেসবল, আমেরিকান ফুটবল ও আইস হকির আধিপত্য ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। বিশেষ করে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপের মতো তারকাদের স্মারক ও ট্রেডিং কার্ড এখন সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে।
সেই প্রেক্ষাপটে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি শুধু একটি ফুটবল নয়, বরং ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটির জীবন্ত স্মারক। আর তাই নিলামের মঞ্চে এটি কত দূর যায়, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের।
টিজে/এসএন