বিশ্বকাপের মাঝেই এক দেশকে নিষিদ্ধ করল ফিফা
ছবি: সংগৃহীত
০৯:৫৮ এএম | ২৬ জুন, ২০২৬
নেপালের ফুটবলে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক সংকটের জেরে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএনএফএ) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে নেয়া এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ফুটবলে বড় ধাক্কা খেল নেপাল। এখন থেকে দেশটির জাতীয় দল ও ক্লাবগুলো ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
ফিফা জানিয়েছে, ২৪ জুন ফিফা কাউন্সিলের ব্যুরো এ সিদ্ধান্ত অনুমোদন করে। পরে সংস্থার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, এএনএফএর কার্যক্রমে বাহ্যিক হস্তক্ষেপের প্রমাণ পাওয়ায় তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ফিফার নীতিমালা অনুযায়ী, কোনো জাতীয় ফুটবল ফেডারেশনের কর্মকাণ্ডে সরকার বা অন্য কোনো তৃতীয় পক্ষের প্রভাব বা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়। নেপালের ক্ষেত্রে সেই নীতির লঙ্ঘন হয়েছে বলেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
নিষেধাজ্ঞার ফলে শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকেই নয়, ফিফা ও এএফসির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে নেপালের ফুটবল। এএনএফএ, তাদের সদস্য সংস্থা এবং কর্মকর্তারা আপাতত ফিফা ও এএফসির অর্থায়ন, প্রশিক্ষণ কর্মসূচি, শিক্ষা কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পে অংশ নেয়ার সুযোগ পাবেন না। নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত এসব সুবিধা স্থগিত থাকবে।
নেপালের ফুটবল প্রশাসনে চলমান বিরোধের পটভূমিতেই এসেছে এই সিদ্ধান্ত। এর আগে দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ এএনএফএকে তিন মাসের জন্য স্থগিত করেছিল। যদিও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়, তবে সংকটের অবসান হয়নি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ক্রীড়া পরিষদ এএনএফএর প্রস্তাবিত নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। ফলে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় ফুটবল সংস্থাটি।
এদিকে এএনএফএর সভাপতি পঙ্কজ বিক্রম নেমবাংয়ের নেতৃত্বাধীন বর্তমান নির্বাহী কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে। কিন্তু নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে এখনো কোনো সমাধান না আসায় প্রশাসনিক অনিশ্চয়তা আরও বেড়েছে। এই অচলাবস্থাই শেষ পর্যন্ত ফিফার কঠোর অবস্থানের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
ফিফা জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ করে এবং ফুটবল প্রশাসনে স্বচ্ছ ও স্বাধীন কাঠামো নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এর জন্য এএনএফএকে ফিফার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিশ্বকাপের আবহে এমন সিদ্ধান্ত নেপালের ফুটবলে বড় ধাক্কা হয়ে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ হারানোর পাশাপাশি দেশের ফুটবল উন্নয়ন কার্যক্রমও এখন অনিশ্চয়তার মুখে পড়ল। প্রশাসনিক সংকট দ্রুত সমাধান না হলে নেপালের ফুটবল আরও দীর্ঘ সময় আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকার শঙ্কা তৈরি হয়েছে।
টিজে/এসএন