শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রের হার, বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক
ছবি: সংগৃহীত
১০:২৩ এএম | ২৬ জুন, ২০২৬
প্রথম দুই ম্যাচে হারের ফলে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে তুরস্ক। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচে সহ-আয়োজক দেশটিকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে একটি জয় নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক।
প্রথম হাফে ২-১ গোলে এগিয়ে ছিল তুরস্ক। তবে বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেছেন সেবাস্তিয়ান বারহল্টার।
ম্যাচটি যখন ভাবা হচ্ছিল ড্র হবে, ঠিক সেই সময় নাটকীয় গোল পেয়ে যায় তুরস্ক। তাতে ৩-২ গোলের জয় পায় তারা।
এর আগে প্রথম হাফে ম্যাচের তৃতীয় মিনিটে ট্রাস্টি যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। কর্নার থেকে দারুণ এক হাফ ভলিতে গোল করেন তিনি। তবে সমতায় ফিরতে দেরি করেনি তুরস্ক। ১০তম মিনিটে গুলের তুরস্ককে সমতায় ফেরান।
এরপর এগিয়েও যায় তুর্কি। ৩১ মিনিটে ওরকুন কোকচুর গোলে এগিয়ে যায় তারা। এরেন এলমালের পাস থেকে গোলটি করেন তিনি।
শেষ ৩২-এ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ আগেই নিশ্চিত হয়ে গেছে। আগামী ২ জুলাই বসনিয়ার বিপক্ষে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র।
টিজে/এসএন