গরিবের ১০০ টাকাই অর্থনীতি সচল রাখে : সংসদে রেজা কিবরিয়া
ছবি: সংগৃহীত
১০:৩৫ পিএম | ২৬ জুন, ২০২৬
কোটিপতিদের হাজার টাকা দিলেও লাভ নেই, গরিবের ১০০ টাকাই অর্থনীতি সচল রাখে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, আপনি একজন কোটিপতিকে যদি ১০ হাজার টাকা দেন, সে হয়তো খরচই করবে না- এটা আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না।
কিন্তু গরিবরা ১ হাজার টাকা কি, ১০০ টাকা পেলে তা তাৎক্ষণিকভাবে ব্যয় করে। এর ফলে গ্রামীণ অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। তাই কোটিপতিদের তোষণ বন্ধ করে প্রান্তিক মানুষের হাতে সরাসরি অর্থ পৌঁছানোর ব্যবস্থা করা উচিত।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থনীতিতে আয়ের সুষম বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, একজন দিনমজুরের দৈনিক আয় এবং বাজারে সবচেয়ে সস্তা চালের দামের অনুপাত দেখলেই সাধারণ মানুষের প্রকৃত অবস্থা বোঝা যায়। জনবান্ধব সরকারের উচিত নিয়মিত এ সূচকের দিকে নজর রাখা।
তিনি আরো বলেন, দেশের অর্থ দিয়ে শুধু বড় বড় শপিং মল বা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নির্মাণ করলে প্রকৃত প্রবৃদ্ধি বাড়বে না। টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিনিয়োগকে উৎপাদনমুখী শিল্প ও কারখানা স্থাপনের দিকে নিতে হবে।
এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের হাতে অর্থ পৌঁছাবে।
দেশের ব্যাংকিং খাতের সমালোচনা করে তিনি বলেন, ব্যাংকগুলো আমানতের বিপরীতে ৫ শতাংশ সুদ দিলেও ব্যাবসায়িক ঋণে ১৪ থেকে ১৬ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। এটি ব্যাংকিং খাতের অদক্ষতার প্রতিফলন।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সমালোচনা করে রেজা কিবরিয়া বলেন, বিগত ১৫ বছরে সরকারের রাজস্ব আদায় কখনো লক্ষ্যমাত্রার ৮০ থেকে ৮৪ শতাংশের বেশি হয়নি। উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা ধরে বাজেট প্রণয়ন করায় বছর শেষে সরকারকে ব্যাংক, বেসরকারি খাত ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে ঘাটতি পূরণ করতে হয়।
এর ফলে মুদ্রাস্ফীতির ওপরও চাপ তৈরি হয়।
টিকে/