© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুই ফেরি চলাচল উদ্বোধন

শেয়ার করুন:
মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুই ফেরি চলাচল উদ্বোধন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪২ এএম | ২৭ জুন, ২০২৬
মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি চলাচল উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজারো কর্মজীবী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং নদী পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমবে।

শনিবার সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে ফুলটাইম ফেরি সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন কেবল জোয়ারের সময় ফেরি চলত। ভাটার সময় ফেরি বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। এখন থেকে দুটি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে।

তিনি বলেন, ফেরিঘাটে ভাড়ার তালিকা (চার্ট) দৃশ্যমানভাবে টানাতে হবে। ভাড়ার তালিকা না থাকলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দেবেন না। সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণে আমরা রাজনীতি করতে চাই।

এছাড়া সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমাজের পজিটিভের পাশাপাশি নেগেটিভ বিষয়েও তুলে ধরবেন, তাতে আমরা নিজেদের সুধরাতে পারবো।

তিনি আরো বলেন, ফুলটাইম ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সুবিধা হবে। এছাড়া মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াতসহ কৃষিপণ্য পরিবহন সহজতর হবে। এর ফলে এ ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে।

২৪ ঘণ্টা ফেরি চলাচলের এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়কনও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনি।

উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন তা কেবল জোয়ারের সময় সীমিত আকারে পরিচালিত হতো। দীর্ঘ ২৩ বছর পর শনিবার সকাল থেকে দুটি ফেরি ২৪ ঘণ্টা চলাচল শুরু করল।

প্রতিমন্ত্রী আরো বলেন, মোংলা নদীর উপর ঝুলন্ত সেতু হবে। সেই সেতু না হওয়া পর্যন্ত এ নদীতে ফুলটাইম দুইটি ফেরি চলাচল করবে। এতে এখানকার মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

কেএন/টিকে

মন্তব্য করুন