আবারও ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
ছবি: সংগৃহীত
১০:৩৫ পিএম | ২৭ জুন, ২০২৬
২০২৬ বিশ্বকাপে আবারও ড্রেসিংরুমে হাতে লেখা একটি চিঠি রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচের পর যেমনটি করেছিল, এবারও মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সিয়াটলের আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এবং ফুটবলে ‘ফেয়ার প্লে’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বার্তা রেখে যায় তারা। প্রতিবেদন গ্লোবো এস্পোর্তের।
বিশ্বকাপ চলাকালে ইরানের প্রতিনিধি দলের যাতায়াত ও লজিস্টিকস নিয়ে ফিফা এবং যুক্তরাষ্ট্রের সমালোচনার মধ্যেই চিঠিটিতে তারা লিখেছে, ‘জয়ের চেয়ে সম্মানই বড়।’
চিঠিতে লেখা হয়, ‘আমরা ইরান থেকে এসেছি। হাজার বছরের ইতিহাসে আমাদের দেশ সবসময় জয়ের চেয়ে সম্মানকে বেশি মূল্য দিয়েছে। আমাদের কাছে ফুটবল শুধু ফলাফলের লড়াই নয়, এটি চরিত্রেরও পরীক্ষা। অনেকভাবে হয়তো পয়েন্ট অর্জন করা যায়, কিন্তু সম্মান অর্জন করা যায় না। একটি দল হয়তো পরের পর্বে উঠতে পারে, কিন্তু ন্যায় ও সম্মানের মাধ্যমেই ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। ফেয়ার প্লে শুধু ফুটবলের নিয়মের একটি লাইন নয়, এটি এই খেলার আত্মা। সিয়াটল, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেই সব ইরানিদের, যারা হৃদয়, কণ্ঠ আর সর্বস্ব দিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন। ইরান; সবসময় মাথা উঁচু করে।’
মিসরের বিপক্ষে জয় থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে ছিল ইরান। যোগ করা সময়ে খলিলজাদেহ বল জালে জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে অল্পের জন্য অফসাইড ধরা পড়ে এবং গোলটি বাতিল হয়। সেই গোলটি বৈধ হলে ইরান সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করে ফেলত। কিন্তু ১-১ ড্র হওয়ায় টানা তিন ম্যাচে অপরাজিত থেকেও এখন তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

এই মুহূর্তে সেরা তৃতীয় হওয়া দলগুলোর তালিকায় তিন পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইরান। বিশ্বকাপে আটটি সেরা তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে উঠবে। তবে শনিবার গ্রুপ ‘জে’, ‘কে’ ও ‘এল’-এর শেষ ম্যাচগুলোর ফল ইরানের ভাগ্য নির্ধারণ করবে। আলজেরিয়া, ডিআর কঙ্গো ও ক্রোয়েশিয়ার সামনে এখনও শেষ ম্যাচ বাকি রয়েছে।
একটি নির্দিষ্ট সমীকরণ ইরানকে নকআউটের বাইরে ছিটকে দিতে পারে—
*ডিআর কঙ্গো যদি উজবেকিস্তানকে হারিয়ে ৪ পয়েন্টে পৌঁছে যায়;
*ক্রোয়েশিয়া যদি ঘানার বিপক্ষে ড্র বা জয় পেয়ে ৪ কিংবা ৬ পয়েন্ট সংগ্রহ করে;
*এবং আলজেরিয়া যদি অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে, ফলে দুই দলই ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে উঠে যায়।
এই তিনটি ফল একসঙ্গে হলে ইরান সেরা তৃতীয় দলের তালিকা থেকে ছিটকে পড়বে। অন্যদিকে, আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যদি কোনো একটি দল জয় পায়, তাহলে কঙ্গো ও ক্রোয়েশিয়া নিজেদের ম্যাচ জিতলেও ইরানের নকআউটে ওঠা নিশ্চিত হবে। কারণ সেক্ষেত্রে অন্তত একটি দল তিন পয়েন্টেই আটকে যাবে এবং গোল ব্যবধানেও ইরানের নিচে থাকবে।
এমআই/টিএ