বিশ্বকাপের মাঝেই সুখবর দিলেন রোনালদো
ছবি: সংগৃহীত
০৯:১৪ পিএম | ২৮ জুন, ২০২৬
বিশ্বকাপ শেষেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে পারেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের জনপ্রিয় সাময়িকী ‘হোলা’–এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন রোনালদো ও জর্জিনা। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে। রোনালদোর মোট পাঁচ সন্তানের সবাই জর্জিনার সঙ্গেই বসবাস করে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে সংসার জীবনে পা রাখতে পারেন এই তারকা জুটি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরেই তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি রোনালদো কিংবা জর্জিনা।

গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রস্তাবে সম্মতির কথা জানান জর্জিনা এবং রোনালদোর উপহার দেওয়া হীরার আংটির ছবিও প্রকাশ করেন।
এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো রসিকতা করে বলেছিলেন, বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই বিয়ের অনুষ্ঠানে যেতে পারব।
বিশ্বকাপ চলাকালে হোলা–এর এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য না করলেও এর প্রতিবাদও করেননি রোনালদো বা জর্জিনা। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে জোর গুঞ্জন তৈরি হয়েছে যে, প্রায় এক দশকের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই তারকা জুটি।
এফআর/টিএ