আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বেন স্টোকস
ছবি: সংগৃহীত
০৯:২১ পিএম | ২৮ জুন, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি জানিয়েছেন, এই টেস্টে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।
নটিংহ্যামে টেস্টে চালকের আসনে রয়েছে কিউরা। চতুর্থ দিনে চা বিরতির যাওয়ার আগে ৩১৮ রানের লিড নিয়েছে সফরকারীরা।
লন্ডনের একটি নাইটক্লাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িয়ে পড়ায় ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। নটিংহ্যামে দলের নেতৃত্বভার পুনরায় গ্রহণের আগে তিনি তৃতীয় টেস্টে দলের নেতৃত্ব দিকে চেয়েছিলেন।
নটিংহ্যামের তৃতীয় টেস্ট চলার সময় ইংল্যান্ড দলের ড্রেসিংরুমে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন স্টোকস। তিনি বলেন, কেন বা কী কারণে এমন সিদ্ধান্ত—সেসব কথা পরে বলা যাবে। তবে এই দলের জন্য, আপনাদের জন্য এবং অতীতে যারা ছিলেন তাদের জন্য আমি আগেও অনেকবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি এবং আরও একবার আমাকে তা করতে হবে। আমি শুধু একটা অনুরোধই করব—সবাই কি একই কাজ করতে পারবেন?

তিনি আরও বলেন, আমাদের অনেক কঠিন কাজ বাকি। ফলাফল যা-ই হোক না কেন, আমি শুধু মাঠ থেকে এমনভাবে বেরিয়ে আসতে চাই যেন জানি যে গত দু'দিনে এই দলটি নিজেদের সর্বস্ব দিয়ে খেলেছে। আমি শুধু এটাই চাই—সবাই যেন কেবল আমার জন্য নয়, বরং এই দলের জন্যও নিজেদের সেরাটা দেয়।
ইংল্যান্ডের অধিনায়ক বলেন, আবেগের বিষয়টি একপাশে সরিয়ে রাখলাম। এখন কাজে নামার সময়। দয়া করে, সবাই আমার সঙ্গে আসুন।
২০১৯ সালের গ্রীষ্মে অপরাজিত ৮৪ রানের অবিশ্বাস্য ইনিংস ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ে সহায়তা করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটিকে অনেকেই সর্বকালের সেরা ক্রিকেট ম্যাচ হিসেবে গণ্য করেন। এর ছয় সপ্তাহ পরেই স্টোকস আবারও জ্বলে ওঠেন। হেডিংলিতে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে প্রায় একাই অস্ট্রেলিয়াকে পরাজিত করেন তিনি।
ওই বছর অসাধারণ সব কীর্তির স্বীকৃতিস্বরূপ স্টোকস ‘বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ খেতাবে ভূষিত হন। সব মিলিয়ে, ডারহামের এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ১২২টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৪৪টিতে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ১১৪টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
এমআর/টিএ