© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যান্ত্রিক ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

শেয়ার করুন:
যান্ত্রিক ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ এএম | ২৯ জুন, ২০২৬
বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাস ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এ পরিস্থিতির কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।

মন্ত্রী বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ ধরা পড়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ (ফোর্সড শাটডাউন) করতে হয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস সম্ভব হচ্ছে না। ফলে ওই কেন্দ্রের একটি ইউনিটও উৎপাদনের বাইরে রয়েছে।

তিনি জানান, এ দুটি কারণে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর প্রভাব হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও লোডশেডিং দিতে হচ্ছে।

বিদ্যুৎমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে তিনি ড. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টিকে একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে তিনি সংসদের সব সদস্য এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করার অনুরোধ করেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংও ধীরে ধীরে কমে আসবে।

পরে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিদ্যুৎমন্ত্রীর দেওয়া বিবৃতিটি বিধি-৩০০ অনুযায়ী সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

একেএস/টিএ

মন্তব্য করুন