বিশ্বকাপের মাঝেই নেইমারের হাতে ১২ কোটি টাকার ঘড়ি!
ছবি: সংগৃহীত
০৪:৫৭ এএম | ২৯ জুন, ২০২৬
ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের ব্যস্ততার মাঝেও বিলাসবহুল জীবনযাপনের জন্য আবারও আলোচনায় এসেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। নিউ জার্সিতে দলের অনুশীলনের ফাঁকে শুক্রবার (২৬ জুন) নিউইয়র্ক সফরে গিয়ে প্রায় ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি টাকা) মূল্যের একটি বিলাসবহুল ঘড়ি কিনেছেন তিনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নিউইয়র্কের বিখ্যাত জ্যাকব এন্ড কো.-এর ফ্ল্যাগশিপ স্টোরে গিয়ে নতুন এই ঘড়িটি সংগ্রহ করেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। বিশ্বের অন্যতম অভিজাত ঘড়ি সংগ্রাহক হিসেবেও পরিচিত নেইমারের সংগ্রহে নতুন সংযোজন হলো এই বিশেষ টাইমপিস।
ঘড়ি কেনার সময় নেইমারকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান জুয়েলারি নির্মাতা জ্যাকব আরাবো। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে তোলা ছবি ও ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘বহুদিনের বন্ধু নেইমার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নামার আগে সময় বের করে নিউইয়র্কের আমাদের বুটিকে এসে ব্যক্তিগতভাবে একটি জ্যাকব এন্ড কো. ঘড়ি কিনেছেন।’

বিলাসবহুল ও বিরল ঘড়ির প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়। হীরা খচিত ট্যুরবিয়োঁ থেকে শুরু করে ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কাস্টম ডিজাইনের একাধিক ঘড়ি রয়েছে তার সংগ্রহে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তার ঘড়ির সংগ্রহের মূল্য ১৬ লাখ পাউন্ডেরও বেশি।
এই সফরের আগে জাতীয় দলে আবেগঘন প্রত্যাবর্তন করেন নেইমার। ২০২৩ সালের শেষদিকে হাঁটুর গুরুতর চোটের কারণে দীর্ঘ ৯৮১ দিন ব্রাজিল দলের বাইরে ছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটে।
এখন আবার পুরো মনোযোগ বিশ্বকাপে। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ ওঠা ব্রাজিলের সামনে এবার জাপানের চ্যালেঞ্জ। বদলি হিসেবে দলে নতুন প্রাণ যোগ করা নেইমারকে নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
একেএস/টিএ