© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আঙুলের চোট আমাকে বেশ ভোগাচ্ছে: এমি মার্তিনেজ

শেয়ার করুন:
আঙুলের চোট আমাকে বেশ ভোগাচ্ছে: এমি মার্তিনেজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ এএম | ২৯ জুন, ২০২৬
কঠিন শারীরিক চ্যালেঞ্জের মুখে রয়েছেন আর্জেন্টিনার দলের গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। ডান হাতের আঙুলে চিড় ধরা পড়েছে তার। এরপরও আর্জেন্টাইন সমর্থকদের সুখবরই দিলেন তিনি। রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনেজ।

গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে উয়েফা ইউরোপা লিগ ফাইনালের ওয়ার্মআপের সময় তার ডান হাতের অনামিকায় এই ফ্র্যাকচার হয়েছিল। অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও বিশ্বকাপ মিস করার ভয়ে তিনি সেই ঝুঁকি নেননি। বর্তমানে ফিজিওথেরাপিস্ট পাবলো কাপুচেত্তির তত্ত্বাবধানে তিনি সেরে উঠছেন।

জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দিবু বলেন, ‘আঙুলের ব্যথা আমাকে বেশ ভোগাচ্ছে। আমি এখনও স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারছি না। তবে স্বস্তির খবর হলো, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আগামী ম্যাচে আমি স্প্লিন্ট ছাড়াই খেলার জন্য প্রস্তুত।’



তিনি আরও জানান, ‘গোলকিপিং কোচ লুইস মার্তিন এবং সতীর্থ গোলরক্ষক জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর সহযোগিতা তার এই কঠিন সময়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

জর্ডানের বিপক্ষে জয় পেলেও একটি গোল হজম করায় কিছুটা হতাশ মার্তিনেজ। এই গোলটি তাকে কাতার বিশ্বকাপের সেই দুঃস্বপ্নের কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে সৌদি আরবের কাছে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। মার্তিনেজ বলেন, ‘আমি আসলে মরে যেতে চেয়েছিলাম। ওই গোলটি হওয়ার সময় মনে হচ্ছিল যেন সৌদি আরবের সেই ম্যাচের পুনরাবৃত্তি ঘটছে। আমার মনে হয় বলটি আমি আটকাতে পারতাম।’

আগামী শুক্রবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন আর্জেন্টাইন গোলরক্ষক। তিনি বলেন, ‘আমরা তাদের সব ম্যাচ পর্যবেক্ষণ করছি। তারা বেশ শক্তিশালী, শারীরিক সক্ষমতায় দুর্দান্ত এবং রক্ষণভাগ খুব জমাট। এবারের বিশ্বকাপে অনেক অঘটন ঘটছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

কেএন/টিকে

মন্তব্য করুন